যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণকে (২০) হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ২ মাস ১৭ দিন পেরিয়ে গেলেও সুষ্ঠু তদন্ত ও বিচার না পেয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে অনুষ্ঠিত মানববন্ধন থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৪২, তারিখ: ২৭ এপ্রিল ২০২৬। ধারা: ৩০৬, পেনাল কোড। মামলার আসামিরা হলেন- নাসির হোসেন মোমিন, নাদিম, শিমুল, রাতিন, সর্ব, বাবা বাবু মিয়া এবং বেবি বেগম। বাদী ও আসামিদের ঠিকানা: বাসা-৬, লাইন-১৭, রোড-১১, ব্লক-সি, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।
পরিবারের অভিযোগ, বাদী ও পরিবারের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য সুরাইয়া ও তার পরিবারের ওপর চাপ দিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, ২৭ এপ্রিল ২০২৬ রাতে আসামিরা সুরাইয়াকে নির্মমভাবে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করে। ভোর ৬টা থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত নাসির নিয়মিত সুরাইয়ার ওপর মানসিক নির্যাতন চালাতেন।
নিহতের পরিবার গুরুতর অভিযোগ করে জানায়, থানায় মামলা করতে গেলে আসামিপক্ষের লোকজন আগেই সেখানে উপস্থিত ছিল। তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আবুসামা ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান। পরে ওসি এ কে এম আলমগীর জাহানের কাছে গেলে তিনি গালাগালি করেন এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে বাদীকে দিয়ে স্বাক্ষর করিয়ে থানা থেকে বের করে দেন।
পরিবারের দাবি, ঘটনার ২ মাস ১৭ দিন পার হলেও এখনো পোস্টমর্টেম প্রতিবেদন পাওয়া যায়নি। উল্টো আসামিরা বাদী পরিবারকে নিয়মিত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।
একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে মামলাটি নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আজিজুল হাকিম/রিফাত/