রাজধানীর উত্তরায় ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ার পর আবারও অবরোধ করেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তারা এই অবরোধ শুরু করে।
এর আগে সকালে একই দাবিতে রাজধানীরসহ সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এর আগে বেলা তিনটায় শিক্ষামন্ত্রী আ আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়েছিলেন তারা। সে সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গুলশান বিভাগ জানায়, উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি ইতোমধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে।
এজন্য এই রাস্তা দিয়ে চলাচলকারীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যায় তারা। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। উপাচার্য চত্বরের সামনে দুপুর সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপরই শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।
পরে শিক্ষার্থীরা বকসি বাজারে ঢাকা শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেয়। সেখান থেকে বিকেল পৌনে ৫টার দিকে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে।
অমিয়/