২০২৪ সালের জুলাই আন্দোলন পরিপূর্ণ গণঅভ্যুত্থান ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় বৈষম্য এখনো দূর হয়নি এবং আন্দোলনের আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হয়নি। তাই ন্যায় ও নিরাপত্তাভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন একটি গণআন্দোলনের প্রয়োজন রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর নগরীর পল্লী নিবাসে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন,অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি ও জামায়াতের সঙ্গে মিলে মিশে একতরফা একটি নির্বাচন উপহার দিয়েছে, যা অবাধ ও নিরপেক্ষ নয়। ফলে দেশে এখনো মবের মাধ্যমে বিরোধী মতের মানুষের ওপর অত্যাচার-অনাচার চলছে।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ও বিরোধী দল জাতীয় পার্টিকে কোণঠাসা করতে নানামুখী ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সারাদেশে দলকে আরও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে জিএম কাদের বলেন, বর্তমান সরকার তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করবে বলছেন কিন্তু আমার সন্দেহ হচ্ছে তারা বাস্তবায়ন করতে পারবে না। কারণ আন্তর্জাতিকভাবে তাদের এসব বিষয়ে গ্রহণযোগ্যতা কম। তাই আগামীতে জাতীয় পার্টির মাধ্যমেই উত্তরাঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।
বন্যা পরিস্থিতি নিয়ে জিএম কাদের বলেন, বন্যায় অনেক মানুষের মৃত্যু হলেও তা প্রচার হয়নি। বরং ত্রাণ বিতরণের নামে শুধু ফটোসেশন হয়েছে। অনেক মানুষ কষ্টে থাকলেও তাদের দুর্ভোগ লাঘবে সরকারের ভূমিকা নগণ্য। বলেন, ১৯৮৮ সালের বন্যায় এরশাদ সরকারের ভূমিকা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। কারণ বন্যা নিয়ন্ত্রণসহ দেশের কর্মসংস্থান উন্নয়নের রূপকার ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
সভায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ঐকমত্য কমিশনের প্রতিবেদন এখন "বঙ্গোপসাগরের তলানিতে নিমজ্জিত হয়েছে"। তিনি বর্তমান সংসদকে একমুখী বলে সমালোচনা করে বলেন, তিনটি দল নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছে। যাদের ভেতরে এক বাহিরে আরেক রূপ।
রংপুরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রংপুরের মানুষ এখন ভালো নেই তারা বৈষম্যের শিকার। প্রকৃত অর্থে বৈষম্য দূর করেছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তাই তাঁর আদর্শ ধারণ করে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
শোকসভায় এরশাদের স্মৃতিচারণ করে আরও বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সেলিম সরকার/এসএন