১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশকে বয়কটের ঘোষণা দিয়ে প্রচার-প্রচারাণাকে প্রতারণার নামান্তর বলে জানিয়েছেন খেলাফত মজলিস রংপুর মহানগরের সভাপতি ও রংপুর বিভাগের সহকারী পরিচালক তৌহিদুর রহমান মন্ডল রাজু।
শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন,স্থানীয় সংগঠন খেলাফত মজলিসের জেলা এবং মহানগর কমিটি আগামী শনিবার( ১১ জুলাই) ১১ দলীয় ঐক্যের সমাবেশ বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সমঝোতা ঐক্যের নেতৃত্বে যে সংগঠনটি আছে তারা জেনেবুঝে শুনে প্রতারণামূলক নাম ভাঙ্গিয়ে রংপুর অঞ্চলে মাইকিংও পোস্টারিং করছে ,যা অত্যন্ত দুঃখজনক এবং প্রতারণার নামান্তর। খেলাফত মজলিস ১১ দলীয় নির্বাচনী সমঝোতার শরিকদল। বিগত দিনে দেখে এসেছি খেলাফত মজলিসের সাথে ইতিমধ্যে বৈষম্যমূলক অবহেলা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য করেছে।
রাজু বলেন, আগামী শনিবার (১১ জুলাই) রংপুর বিভাগীয় একটি সমাবেশ হতে যাচ্ছে। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ উক্ত সমাবেশে আসবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি পূর্বান্হে সংগঠনকে অবহিত করা হয়েছে এবং এও অবহিত করা হয়েছে যেহেতু তিনি এই সমাবেশে রংপুর আসতেছেন না সেহেতু পোস্টার মাইকিং সহ অন্যান্য কোন প্রচার প্রচারণা যেন করা না হয়।
কারণ হিসেবে তিনি বলেন, খেলাফত মজলিস একটি দায়িত্বশীল ইসলামী সংগঠন এবং ইসলামী নৈতিকতাকে সর্বোপরি ধারণ করার চেষ্টা করে আসছে। কিন্তু ১১ দলীয় জোটের সমঝোতা ঐক্যের নেতৃত্বে যে সংগঠনটি আছে তারা তাদের অনৈতিক এবং অন্যান্য খবরদারি করে একটি বিষয়ে অবগত হওয়ার পরেও জেনে বুঝে শুনে প্রতারণামূলক নাম ভাঙ্গিয়ে রংপুর অঞ্চলে আমিরের আগমনের বার্তা দিয়ে মাইকিং ও পোস্টারিং করছে যা অত্যন্ত দুঃখজনক এবং প্রতারণার নামান্তর।
১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। একতরফাভাবে এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন।
এমতাবস্থায় রংপুরবাসীকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, স্বনামধন্য একজন আলেমেদীনের নৈতিকতাকে সামনে রেখে তারা এই প্রচারণা চালিয়ে জনমত গঠন ও তৌহিদীজনতা তথা গোটা দেশবাসীকে ধোকা দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সংগঠন হিসেবে আগামী শনিবার ১১ জুলাইয়ের প্রোগ্রামকে বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
সেই সঙ্গে তিনি আহ্বান করেন, পোস্টারে যে নাম ব্যবহার করা হয়েছে এই পোস্টারগুলো দেয়াল থেকে প্রত্যাহার করা এবং অবিলম্বে মাইকিং বন্ধ করা হোক।
এ সময় হুশিয়ারি দিয়ে তৌহিদুর রহমান মন্ডল রাজু বলেন, অবৈধ প্রচার-প্রচারণাকে সামনে রেখে যদি কোন পরিস্থিতির উদ্ভব হয় এর জন্য সংশ্লিষ্ট সংগঠনটি দায়ী থাকবে, এবং ভবিষ্যতে এর জন্য জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।
শনিবার (১১ জুলাই) বেলা ২টা ৩০মিনিটে রংপুর জিলা স্কুল মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ও শরীক দলের নেতৃবৃন্দ।
সেলিম সরকার/অন্তরা/