প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা ওয়ের মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৬ টার পর সড়কপথে তিনি গুলশানের বাসা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দেন। এ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা পাচ্চর গোলচক্কর এলাকায় মহাসড়কের পাশে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।
সকাল সাড়ে ৬টা থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন।
শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাওন চৌধুরী বলেন, এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। নেতাকর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এলাকার উপর দিয়ে বরিশাল যাবেন। আমরা তাকে দেখার জন্য এখানে এসেছি।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আমাদের প্রিয় নেতা পদ্মা সেতু দিয়ে মাদারীপুরে হয়ে বরিশাল যাবেন-এ কারণেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাকে একঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করছেন। ভোর থেকে আমাদের শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় নেতাকে দেখার জন্য।
রফিকুল ইসলাম/আজহার/