বিশ্বকাপ জয়ের দীর্ঘদিনের অধরা স্বপ্ন পূরণে ইংল্যান্ডকে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। তার বিশ্বাস, নিয়মিত সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও শিরোপা জিততে না পারার আক্ষেপ এবার ঘোচানোর সুযোগ এসেছে।
কোয়ার্টার ফাইনালে নরওয়েকে অতিরিক্ত সময়ে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল এবং টানা দুটি ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে রানার্স-আপ হওয়া ইংল্যান্ডের জন্য এটি গত তিন বিশ্বকাপের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল।
বর্তমান সময়কে ইংলিশ ফুটবলের অন্যতম সফল অধ্যায় হিসেবে উল্লেখ করে কেইন বলেন, ‘জাতীয় দলের জন্য এটি অত্যন্ত সফল একটি সময়। কিন্তু এবার আমরা শেষ বাধাটিও অতিক্রম করতে চাই। এটাই এখন আমাদের একমাত্র অধরা সাফল্য।’
তিনি বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে সেমিফাইনাল ও ফাইনালে উঠছি। সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ অপেক্ষা করছে। টুর্নামেন্টে আর মাত্র কয়েকটি দিন বাকি। দীর্ঘ সময় ধরে আমরা একসঙ্গে কঠোর পরিশ্রম করেছি। এখন শেষ ধাক্কাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মায়ামির তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় নরওয়ের বিপক্ষে কঠিন ম্যাচে জয় পেতে ইংল্যান্ডকে ভরসা করতে হয়েছে জুড বেলিংহামের দুর্দান্ত নৈপুণ্যের ওপর। তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না কোচ টমাস টুখেল। অধিনায়ক কেইনও স্বীকার করেছেন, বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে আরও উন্নত ফুটবল খেলতে হবে।
তিনি বলেন, ‘কোচ আমাদের অনুশীলনে যে মানের ফুটবল দেখেন, সেটাই ম্যাচে দেখতে চান। তিনি জানেন কাজটি সহজ নয়, কারণ আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলছি। তবুও তিনি আমাদের ভেতর থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করছেন। আমরাও জানি, আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে।’
পাপ্পু/এএফ