বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার জয়রথ যেন এক নিয়মিত দৃশ্য। তবে দলের এমন ধারাবাহিক সাফল্যকে ‘স্বাভাবিক’ নয় বলে সতর্ক করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আবারও একই মান ধরে রেখে শেষ চারে জায়গা করে নেওয়া এক ‘অস্বাভাবিক’ ও অনন্য অর্জন।
কানসাস সিটিতে অনুষ্ঠিত নাটকীয় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৬ জুলাই আটলান্টায় ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফুটবল পরাশক্তি ইংল্যান্ড।
ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই এই মুহূর্তগুলো উপভোগ করছে। কিন্তু এই দলটি মানুষকে এমন কিছুর সঙ্গে অভ্যস্ত করে তুলেছে, যা মোটেও স্বাভাবিক নয়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আবারও একইভাবে লড়াই করে সেমিফাইনালে ওঠা সহজ নয়। তাই এই অর্জনকে উপভোগ করা উচিত।’
ভবিষ্যৎ নিয়ে সতর্ক অবস্থান তুলে ধরে মেসি বলেন, ‘আমরা জানি না এমন সুযোগ আবার কবে আসবে। তাই প্রতিটি অর্জনকে মূল্যায়ন করতে হবে। এখন আমাদের লক্ষ্য বিশ্রাম নেওয়া, শক্তি ফিরে পাওয়া এবং সেমিফাইনালে নিজেদের সেরাটা দেওয়া।’
পাপ্পু/এএফ