বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তিনি বলেছেন, স্পেনকে ফ্রান্স ভয় পায় না, তবে প্রতিপক্ষের সামর্থ্য ও দুর্দান্ত রক্ষণভাগ সম্পর্কে তারা জানে।
রবিবার (১২ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি কোনো প্রতিপক্ষকেই ভয় পেতে পারেন না। আমরা নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেব। আশা করি, শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষেই যাবে।’
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্পেন। দ্বিতীয় শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা দলটি পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ রক্ষণভাগের প্রদর্শনী উপহার দিয়েছে।
অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স স্পেনের শক্তি-সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানে। কারণ, তারা ইউরো ২০২৪-এর সেমিফাইনাল এবং গত বছরের নেশনস লিগের সেমিফাইনাল-দুই আসরেই স্পেনের কাছে হেরেছিল।
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও তার প্রশংসা করেছেন কোনাতে বলেন, ‘স্পেন একটি অসাধারণ দল। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাই আমরা শুধু একজনকে নিয়ে ভাবছি না, যদিও লামিনে একজন দুর্দান্ত ফুটবলার।’
চলতি বিশ্বকাপে ফ্রান্সের সেন্টার-ব্যাক হিসেবে নিয়মিত খেলছেন দায়ো উপামেকানো ও উইলিয়াম সালিবা। কোনাতে এখন পর্যন্ত কেবল নরওয়ের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে ফ্রান্স ও স্পেন মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এসজি/