২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত লাল কার্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। তার দাবি, ফরোয়ার্ড ব্রিল এমবোলোর বহিষ্কারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তই তাদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিয়েছে।
ম্যাচের ৬৭তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর ‘মিসটেকেন আইডেন্টিটি’ (ভুল খেলোয়াড় শনাক্তকরণ) প্রোটোকল প্রয়োগ করে এমবোলোকেই হলুদ কার্ড দেখান রেফারি। প্রথমার্ধে একটি হলুদ কার্ড দেখা এমবোলো দ্বিতীয় হলুদ পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সুইজারল্যান্ডকে।
একজন কম নিয়ে খেলেও ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায় সুইসরা। তবে ১১২তম মিনিটে জুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে লাউতারো মার্টিনেস আরও একটি গোল করলে ৩-১ গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে ইয়াকিন বলেন, ‘এমন একটি নিয়মের কারণে আমাদের শাস্তি দেওয়া হয়েছে, যা আমার মতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি মনে করি না আজ আমাদের এই পরিণতি প্রাপ্য ছিল।’
রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সুইস কোচ বলেন, ‘এটি একটি সাধারণ ফাউল ছিল, যদি আদৌ এটিকে ফাউল বলা যায়। কিন্তু এই নিয়মটি আজ আমাদের খেলাটাকে ধ্বংস করে দিয়েছে। এভাবে বিদায় নেওয়াটা খুবই কষ্টের।’
সুইস অধিনায়ক গ্রানিত জাকাও একই সুরে কথা বলেন। তার ভাষ্যে, ‘ওই লাল কার্ডই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে সবাই হতাশ ছিল। এই সিদ্ধান্ত মেনে নেওয়া আমাদের জন্য খুব কঠিন।’
তবে ইয়াকিনের দাবি, এই বিতর্কিত সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। ‘আমরা রেফারির ভুলের মাশুল দিয়েছি। আমি আগে এই নিয়মের কথা জানতামই না। ম্যাচের ফল নির্ধারণে এটিই সবচেয়ে বড় মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে,’ বলেন সুইস কোচ।
পাপ্পু/এএফ