অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-০ ব্যবধানে লিড নিয়েই বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের শুরুতে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল সুইজারল্যান্ড। তবে আক্রমণ উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন ম্যাক অ্যালিস্টার। সেখানে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের কিছুই করার ছিল না। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।
গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় সুইজারল্যান্ড। ম্যাচের ২০ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জিব্রিল সো। তবে কোনো ঝামেলা ছাড়াই সেটি তালুবন্দি করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
তবে ৩২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় সুইসরা। ব্রিল এমবোলো বল নিয়ে বক্সের দিকে এগিয়ে গেলে তাকে থামাতে গিয়ে কিছুটা জায়গা ছেড়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ। বিপদ বুঝে দ্রুত গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন এমিলিয়ানো মার্তিনেজ। বক্সের মধ্যে স্লাইড করে এমবোলোর আক্রমণ ভেস্তে দেন তিনি। তাতে বিপদমুক্ত হয় আর্জেন্টিনা।
প্রথমার্ধের শেষ দিকে বক্সের ঠিক বাইরে বাঁ দিক থেকে একটি ফ্রি-কিক পায় সুইজারল্যান্ড। তবে রেমো ফ্রয়লার বলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোস্টের বাইরে চলে যায়। ফলে সমতায় ফেরার আরেকটি সুযোগও হাতছাড়া করে সুইসরা।
এরপর আর কোনো দলই উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
এসজি/