ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ের নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করে ইয়োনাথান রেখেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
এমন সময় এ পরিবর্তনের খবর সামনে এলো, যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাকে ঘিরে বিতর্ক অব্যাহত।
তবে ইয়ায়ের এবারই প্রথম এমন পদবি ব্যবহার করছেন তা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এর আগে নিজেকে ইয়ায়ের হুন হিসেবে পরিচয় দিয়েছিলেন। হুন মূলত তার মা সারা নেতানিয়াহুর বাবা শমুয়েল-এর আসল পদবি ছিল, যা পরে পরিবর্তন করে বেন আর্টজি রাখা হয়।
নেতানিয়াহু পরিবারে নাম বা পদবি পরিবর্তনের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, ইয়ায়েরের ভাই আভনেরও প্রায় পাঁচ বছর আগে নিজের নাম পরিবর্তন করে আভি সেগাল রেখেছিলেন। নজরদারি ও মানুষের মনোযোগ এড়াতে আভি সেগাল নামে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে ৬ লাখ ৭২ হাজার মার্কিন ডলার নগদ মূল্যে একটি অ্যাপার্টমেন্ট কেনেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
স্বয়ং বেনিয়ামিন নেতানিয়াহুও ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রে থাকার সময় নিজের নাম বদলে বেন নিতাই ব্যবহার করেছিলেন। পরে তিনি জানিয়েছিলেন, সে সময় তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের কথা ভাবছিলেন।
এসএন/