ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সেশেলস সফরে তাকে ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ নামে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে, যা তার সফর উপলক্ষে প্রথমবারের মতো প্রবর্তন করা হয়। তবে পুরস্কারটির আগে কোনো অস্তিত্ব ছিল না। এ ছাড়া এই পুরস্কারটির সঙ্গে দেওয়া প্রশংসাপত্রে দেশটির নামসহ একাধিক বানান ভুল পাওয়া যাওয়ায় সম্মাননাটি ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিতাশা কাউল বলেছেন, প্রশংসাপত্রে থাকা এসব বানান ভুল একটি ‘তাড়াহুড়ার কাজের’ ফল। তার ভাষায়, “এমন ভুল সম্মাননাটির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং এটি শেষ পর্যন্ত ‘উপহাসের’ জন্ম দিয়েছে।”
বিতর্ক সত্ত্বেও ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ এখন মোদির বিদেশ সফরে পাওয়া বিভিন্ন সম্মাননার তালিকায় যুক্ত হয়েছে। বিভিন্ন দেশে সফরে গেলে তিনি প্রায়ই বিশেষভাবে প্রবর্তিত কোনো না কোনো রাষ্ট্রীয় পুরস্কার নিয়ে দেশে ফেরেন। এ বিষয়ে কাউল বলেন, ‘এই পুরস্কারগুলো ভারতের কূটনীতি নয়, বরং মোদির ব্যক্তিগত ভাবমূর্তিকেই বেশি তুলে ধরে।’
মোদির সেশেলস পুরস্কার সম্পর্কে যা জানা গেছে
সেশেলসের সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসেবে পরিচিত ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পুরস্কারটি রাজধানী ভিক্টোরিয়ার স্টেট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি নরেন্দ্র মোদির হাতে তুলে দেন। টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতায় তার ‘বিশিষ্ট নেতৃত্ব ও অঙ্গীকারের’ স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। তবে মোদির হাতে দেওয়া বিশেষ সনদের ছবি প্রকাশ্যে আসার পর তাতে একাধিক মুদ্রণ ও বানান ভুল নজরে আসে। এর মধ্যে ‘Republic’-এর পরিবর্তে ‘Repubblic’ এবং ‘Seychelles’-এর পরিবর্তে ‘Seycheeles’ লেখা ছিল। এসব ভুল ঘিরে সমালোচনা শুরু হলে বিরোধী নেতারাও বিষয়টি নিয়ে কটাক্ষ করেন। ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে এক্সে লিখেন, ‘সারা বিশ্ব মোদিকে চিনে ফেলেছে। তাকে যেকোনো পুরস্কার দিন, তিনি ছুটে আসবেন।’ তিনি আরও বলেন, ‘তারা এতটাই তাড়াহুড়া করেছিল যে সেশেলস প্রজাতন্ত্রের সরকারি নামটিও সঠিকভাবে লিখতে পারেনি।’
অন্য কোন কোন দেশ মোদিকে পুরস্কার দিয়েছে?
গত ১২ বছরে প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফরকালে ৩০টিরও বেশি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন নরেন্দ্র মোদি। সর্বশেষ মঙ্গলবার ইন্দোনেশিয়া তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ প্রদান করে। এর আগে জুনে তিনি স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস, ফার্স্ট ক্লাস’ লাভ করেন। বিদেশি নাগরিকদের জন্য সংরক্ষিত এ সম্মাননা এর আগে পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ব্রোনিস্লাভ কোমোরোভস্কি ও অস্ট্রিয়ার সাবেক প্রেসিডেন্ট হাইঞ্জ ফিশারসহ বেশ কয়েকজন বিশ্বনেতা পেয়েছেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ইসরায়েল সফরে মোদি ‘স্পিকার অব দ্য নেসেট’ পদকের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র প্রাপক হন। তার সফরের ঠিক আগেই এ সম্মাননা চালু করা হয়।
মোদি আর কোন কোন পুরস্কার পেয়েছেন?
২০১৮ সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে যৌথভাবে জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশবিষয়ক সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ অ্যাওয়ার্ড’ পান মোদি। ২০১৯ সালে ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচিতে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ‘গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড’ লাভ করেন। একই বছর তিনি ‘ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড’-এর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রাপ্তকারী। সূত্র: আল-জাজিরা