ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি এ কথা বলেন। একইসঙ্গে ইসরায়েলের সেনাপ্রধানও জানিয়েছেন, সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান হতে পারে।
দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এর বরাত দিয়ে জানা গেছে, দক্ষিণ ইসরায়েলের হাতজেরিম বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর সমাবর্তন অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, 'যুদ্ধ শেষ হয়নি।'
তিনি আরও বলেন, "আকাশ সীমায় আধিপত্য বজায় রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতির একটি মৌলিক স্তম্ভ। অশান্ত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক হামলা হয়েছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার পর এই উত্তেজনা তৈরি হয়।
ফেব্রুয়ারিতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালায়, যাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ তিন হাজারেরও বেশি মানুষ নিহত হন। এর জবাবে তেহরান ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরও বলেছেন, 'ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান "এখনও শেষ হয়নি।'
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, 'নতুন পরিকল্পনা নিয়ে কাজ চলছে। সামনে এখনও বড় ধরনের অভিযানের সম্ভাবনা রয়েছে। আপনারা প্রস্তুত থাকুন।'
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তিচুক্তির পথ সুগম করার উদ্দেশ্যে ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন এই সমঝোতা চুক্তিটি শেষ হয়ে গেছে। এর মাধ্যমে চুক্তিটির কার্যকারিতা কার্যত বন্ধ হয়ে যায় এবং নতুন করে সামরিক সংঘাতের সূত্রপাত ঘটে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
তামান্না রুপা/