ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮১১ জনে দাঁড়িয়েছে। গত বুধবার দেশটির জাতীয় পরিষদের স্পিকার হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। সর্বশেষ হিসাব অনুযায়ী, ভূমিকম্পে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং গৃহহীন হয়েছেন ১৭ হাজার ৯০৭ জন।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য ভেনেজুয়েলার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিদেশে আটকে থাকা দেশের সম্পদ ছেড়ে দিলে পুনর্গঠনের ব্যয় নির্বাহে তা ব্যবহার করা সম্ভব হবে।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভিকে তিনি বলেন, ‘ভেনেজুয়েলার এমন সম্পদ বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছে, যা পুনর্গঠন প্রক্রিয়ায় কাজে লাগানো যেতে পারে। কর্মসংস্থান ও শিক্ষা কর্মসূচির জন্যও এসব তহবিল প্রয়োজন।’
গত দুই দশকে সরকারবিরোধী কর্মকাণ্ড দমন ও মাদক পাচারের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ধাপে ধাপে ভেনেজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
এসব নিষেধাজ্ঞার অনেকগুলো এখনো বহাল রয়েছে। তবে চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর ওয়াশিংটন দেশটির তেল খাতের ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র চার মাসের জন্য মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম-সংক্রান্ত লেনদেনের অনুমতি দেয়, যা আগে নিষেধাজ্ঞার কারণে বন্ধ ছিল।
ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত স্বর্ণ ছাড়ের অনুরোধ জানিয়ে ডেলসি রদ্রিগেজ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে চিঠি পাঠিয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধানের সঙ্গেও জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করেছেন।
প্রসঙ্গত, ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে ভেনেজুয়েলার প্রায় ৩১ টন স্বর্ণ সংরক্ষিত রয়েছে। ওই স্বর্ণের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ব্রিটিশ আদালতে আইনি লড়াই চলছে। সেই কারণে ব্যাংকটি এখনো স্বর্ণ ছাড় দেয়নি। সূত্র: রয়টার্স