ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
পেনাল্টি নিতে এমবাপ্পেকে অপেক্ষায় রাখায় ক্ষুব্ধ দেশম ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা ইরানে দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১১ মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা! সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার ন্যাটোতে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ বিভাজন কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার জার্মানিতে তাপপ্রবাহে প্রাণহানি ৫ হাজারের বেশি মনির খানের ‘মন ভালো নাই’ মুখোমুখি স্পেন-বেলজিয়াম: লড়াইটা কর্তোয়া বনাম ইয়ামালেরও আট কারণে প্রত্যেক মুসলমানের পবিত্র কোরআন বুঝে পড়া আবশ্যক হরমুজ প্রণালীতে ৮০০ জাহাজ পারাপারে মার্কিন সহায়তা: সেন্টকম বরিশালে অনিশ্চয়তার মুখে ২০ নার্সিং কলেজের শিক্ষার্থীরা স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানলে ১২ জনের মৃত্যু ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ, ভোটকেন্দ্র নীতিমালায় পরিবর্তন পাহাড়ধস ও ডুবে আরও ১০ জনের মৃত্যু প্রাণ গেলেও তারা পাহাড় ছাড়তে রাজি নন ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, নতুন বার্তা নেতানিয়াহুর ন্যাটোর সংবাদ সম্মেলনে ট্রাম্পের মিথ্যাচার তত্ত্বাবধায়কের অধীনে আগামী নির্বাচন কুমিল্লায় পাহাড়ি ঢলে ভাসল কৃষকের স্বপ্ন পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: ডিসি ফরিদা ডাবল পাপড়ির অলকানন্দা ফুল বৃষ্টি হলেই ডোবে খুলনা এক মোহনায় তিন স্বাগতিক তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল লা রোজারার সামনে রেড ডেভিলস সাত প্রাচীরের বিশ্বকাপ

মুখোমুখি স্পেন-বেলজিয়াম: লড়াইটা কর্তোয়া বনাম ইয়ামালেরও

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:০০ এএম
মুখোমুখি স্পেন-বেলজিয়াম: লড়াইটা কর্তোয়া বনাম ইয়ামালেরও
থিবো কোর্তোয়া ও লামিন ইয়ামান। ছবি: সংগৃহীত

ফুটবল দলীয় খেলা হলেও অনেক সময় ব্যক্তিগত দ্বৈরথই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়ামের ম্যাচেও এর ব্যতিক্রম নয়। ইউরোপের দুই পরাশক্তির এই লড়াইয়ে সবার নজর থাকবে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল এবং বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়ার মুখোমুখি লড়াইয়ে।

স্পেনকে গোলের দেখা পেতে হলে ভাঙতে হবে কোর্তোয়া নামক দুর্ভেদ্য প্রাচীর। অন্যদিকে বেলজিয়ামের সবচেয়ে বড় ভরসা কোর্তোয়াই। দলকে জয়ের হাসি উপহার দিতে ইয়ামালকে সারাক্ষণ কড়া নজরে রাখতে হবে অভিজ্ঞ এই গোলরক্ষককে। ফলে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ (১০ জুলাই) রাত ১টায় শুরু হওয়া এই লড়াইয়ে দলীয় কৌশলের পাশাপাশি ইয়ামাল–কোর্তোয়ার ব্যক্তিগত দ্বৈরথও হয়ে উঠতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণের অন্যতম প্রধান অনুষঙ্গ।

স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামালের বয়স মাত্র ১৮। অন্যদিকে বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়ার বয়স ৩৪। এই শতাব্দীতে জন্ম নেওয়া ইয়ামাল যখন ফুটবল শুরু করেছেন, কোর্তোয়া ততদিনে পেশাদার ফুটবলে প্রতিষ্ঠা পেয়ে গেছেন। ফলে তারা আসলে দুটি ভিন্ন প্রজন্মের প্রতিনিধি। কোর্তোয়া তার বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করার অপেক্ষায়। অন্যদিকে ইয়ামালের সবে বিশ্বকাপ মাতানো শুরু। তবে এই সময়ে ক্লাব ফুটবলেও দুজনের মুখোমুখি দ্বৈরথ থাকে আলোচনায়। কোর্তোয়া অনেক দিন ধরেই রিয়াল মাদ্রিদের পোস্টের নিচে আস্থার নাম। আর ইয়ামাল গত তিন মৌসুম ধরেই বার্সেলোনার আশা ভরসার নাম।

২০১৮ বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতার পরই চেলসি থেকে রিয়ালে নাম লেখান কোর্তোয়া। টানা ৮ বছর বেশ আস্থার সঙ্গে লস ব্লাঙ্কোসদের পোস্ট সামলাচ্ছেন তিনি। এই সময়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা শিরোপা জিতেছেন। এর আগে আলতেলিকো মাদ্রিদের হয়েও একবার লা লিগা জিতেছেন। চেলসির হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা। সব মিলিয়ে প্রাপ্তি ও অর্জনে ভরা এক ক্যারিয়ার কোর্তোয়ার। ২০১৮ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সেরা সাফল্য পায় বেলজিয়াম (তৃতীয় স্থান)। যে সাফল্যে কোর্তোয়ার ভূমিকা ছিল অনন্য।

তবে এবারের বিশ্বকাপে কোর্তোয়াকে এখন পর্যন্ত খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি। ব্যতিক্রম ছিল কেবল রাউন্ড অব বত্রিশে সেনেগালের বিপক্ষে ম্যাচ। যে ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা জয় তুলে নেয়। এরপর শেষ ১৬-এ যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে বেলজিয়াম। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ও ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে অবশ্য বেলজিয়ামকে স্পষ্টতই আন্ডারডগ। শেষ ষোলোতে যারা বার্নার্দো সিলভা ও ক্রিস্তিয়ানো রোনালদোর দলকে হারিয়েছে।

অন্যদিকে লামিনে ইয়ামাল হয়তো এখনো লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডদের মতো আলো ছড়াতে পারেননি। তবে স্পেনের জয়ে ঠিকই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তার গোল ১টি। বেলজিয়ামের বিপক্ষে জয় তুলে নিতে যিনি বেশ আত্মবিশ্বাসী। তবে কোর্তোয়া যে তাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলবেন, সেটা বেশ ভালোভাবেই মাথায় রাখছেন তিনি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘থিবো কোর্তোয়া বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তিনি আমার জন্য ম্যাচটি কঠিন করে তুলবেন। কিন্তু সব সময়ের মতো এবারও আমি জিততে চাই।’ 

এদিকে সংবাদ সম্মেলনে ইয়ামালকে প্রসংশায় ভাসিয়েছেন কোর্তোয়া। এই অভিজ্ঞ গোলরক্ষকের কথায়, ‘আমরা জানি, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে লামিন ইয়ামাল অবিশ্বাস্য মেধাবী, সে ভীষণ ক্ষিপ্র এবং প্রয়োজনে দুজনকে সহজে কাটাতে পারে।’

রিয়াল মাদ্রিদ সমর্থকরা স্বাভাবিকভাবে বার্সেলোনার খেলোয়াড়দের সাফল্য দেখতে চায় না। তবে বিশ্বকাপের সময় বিষয়টা ব্যতিক্রম। এখানে সবাই তো স্পেনের প্রতিনিধি। এরপরও স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে অনেক রিয়াল মাদ্রিদ সমর্থকই নীরবে কোর্তোয়ার দারুণ একটি পারফরম্যান্সের প্রত্যাশা করবেন। কারণ রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে কোর্তোয়া শুধু বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক নন, বরং তিনিই সেরা। চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি রিয়াল মাদ্রিদের নায়ক হয়েছেন। 

আবার দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে কোর্তোয়ার বাস স্পেনে। ফলে তার নিজের জন্যও ম্যাচটা ভিন্ন অভিজ্ঞতার। অবশ্য এই ম্যাচটায় শুধু বেলজিয়ামবাসীর হাসিটাই প্রধান চাওয়া কোর্তোয়ার, ‘আমি স্পেনে ১১ বছর আছি। অবশ্যই, এটা অনেক সময়। সেখানে জীবন কিছুটা ধীর গতির, আবহাওয়া ভালো, কিন্তু আমি বেলজিয়ামেই রয়ে গেছি। যদিও স্পেন আমার দ্বিতীয় বাড়ি এবং সম্ভবত ক্যারিয়ার শেষে সেখানেই থিতু হব। আমার ছেলে বাচ্চা স্বাভাবিকভাবেই বেলজিয়ানের চেয়ে বেশি স্প্যানিশ। কিন্তু দিন শেষে এ ম্যাচে আমি বেলজিয়ানই।’

পেনাল্টি নিতে এমবাপ্পেকে অপেক্ষায় রাখায় ক্ষুব্ধ দেশম

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম
পেনাল্টি নিতে এমবাপ্পেকে অপেক্ষায় রাখায় ক্ষুব্ধ দেশম
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

তিন মিনিটের দীর্ঘ অপেক্ষা। এরপর একটি পেনাল্টি মিস। মাঠজুড়ে তৈরি হলো চরম উত্তেজনা। তবে শেষ পর্যন্ত জয় পেল ফ্রান্সই। মরক্কোর বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি শটের আগের নাটকীয়তা যেন মুহূর্তেই ম্যাচের আবহ বদলে দেয়।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি নেওয়ার আগে এমবাপ্পেকে তিন মিনিটেরও বেশি সময় অপেক্ষা করতে হয়। এরপর তার নেওয়া স্পট কিকটি রুখে দেন মোরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। শট মিস করার পরপরই অসন্তোষ প্রকাশ করেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। আর্জেন্টাইন রেফারিদের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানান তিনি।

ম্যাচ শেষে এই ক্ষোভে যোগ দেন কোচ দিদিয়ের দেশমও। তিনি প্রশ্ন তোলেন, কেন এমবাপ্পেকে এত দীর্ঘ সময় অপেক্ষায় রাখা হলো? তার দাবি, এই অস্বাভাবিক বিলম্বই এমবাপ্পের মনোসংযোগে ব্যাঘাত ঘটিয়েছে। এই কারণেই ফরাসি স্ট্রাইকার পেনাল্টি মিস করেছেন।

ম্যাচ চলাকালীন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। তিনি জানান, পেনাল্টির এই বিলম্ব ‘অতিরিক্ত দীর্ঘ’ ছিল। ফরাসি কোচ দেশম বলেন, ‘আমি হালান্ডের সাথে পুরোপুরি একমত। সেখানে প্রথমে একটি ভিএআর রিভিউ হয়।

এরপর দ্বিতীয় আরেকটি রিভিউ হয়েছিল। পুরো প্রক্রিয়ায় প্রায় দুই মিনিট সময় নষ্ট হয়। আসলে কী ঘটেছিল আমি নিশ্চিত নই।’
দেশম আরও বলেন, ‘এতে বেশ খানিকটা সময় লেগেছিল। অথচ কিলিয়ান শট নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। আমি কোনো অজুহাত দিতে চাই না। তবে পরিস্থিতিটি মোটেও সহজ ছিল না।’

প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ান এমবাপ্পে। বক্সের প্রান্ত থেকে চমৎকার এক ফিনিশিংয়ে গোল করেন তিনি। এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ২০তম বিশ্বকাপ গোল। চলতি টুর্নামেন্টে এটি তার অষ্টম গোল।

এর কিছুক্ষণ পরই ওসমানে দেম্বেলে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ফলে ২-০ গোলে জয় নিশ্চিত করে দেশম শিষ্যরা। এই জয়ের মাধ্যমে তারা টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। আগামী ১৪ জুলাই ডালাসে ফাইনালের ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে স্পেন অথবা বেলজিয়ামের।

পাপ্পু/নাঈম

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কারা?

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৪২ এএম
সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কারা?
ছবি: সংগৃহীত

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

বৃহস্পতিবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে জয় নিশ্চিত করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার নেওয়া পেনাল্টি শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

তবে দ্বিতীয়ার্ধে সেই হতাশা কাটিয়ে ওঠেন এমবাপ্পে। ম্যাচের ৬০ মিনিটে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত শটে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। এরপর ৬৬ মিনিটে বক্সের বাইরে থেকে নিচের কোণ লক্ষ্য করে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। এই জয়ে বিশ্বকাপের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স।

সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এসজি/

উত্থানের বিশ্বকাপে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ক্লিন্সমান

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:০০ এএম
উত্থানের বিশ্বকাপে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ক্লিন্সমান
ইয়ুর্গেন ক্লিন্সমান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে ইয়ুর্গেন ক্লিন্সমানের অভিজ্ঞতার পরিধি খুব কম মানুষেরই আছে। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়, কোচ হিসেবে দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়া, আর এখন টুর্নামেন্টের কারিগরি বিশ্লেষক–বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের সঙ্গে তার সম্পর্ক কয়েক দশকের।

জার্মানির এই কিংবদন্তি স্ট্রাইকার খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপে অংশ নেন। ১৯৯০ সালে ইতালিতে পশ্চিম জার্মানির বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি করেন ১১টি গোল। পরে কোচ হিসেবে ২০০৬ বিশ্বকাপে স্বাগতিক জার্মানিকে সেমিফাইনালে এবং ২০১৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শেষ ষোলোতে তুলেছিলেন।

বর্তমানে ক্লিন্সমান ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের (টিএসজি) সদস্য। এই দলের কাজ হলো বিশ্বকাপের প্রতিটি ম্যাচের গভীর কারিগরি বিশ্লেষণ করা এবং সেই বিশ্লেষণের মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবল সম্পর্কে বোঝাপড়াকে আরও সমৃদ্ধ করা। টানা দ্বিতীয় বিশ্বকাপে এই দায়িত্ব পালন করা ক্লিন্সমান এবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত ইতিহাসের প্রথম বিশ্বকাপ সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন। টুর্নামেন্টের চমক, নতুন দলগুলোর সাফল্য, মিসর ও নরওয়ের উত্থান, অভিজ্ঞ তারকাদের দীর্ঘ ক্যারিয়ার এবং বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ–বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

এখন পর্যন্ত বিশ্বকাপ সম্পর্কে আপনার সামগ্রিক মূল্যায়ন কী?
৪৮টি দল অংশ নেওয়ায় আমরা এই টুর্নামেন্টে অনেক দারুণ চমক দেখেছি। এর ফলে বিশ্বকাপে সাধারণত যতটা দেখা যায়, তার চেয়ে কয়েকটি বেশি আন্ডারডগ দল সুযোগ পেয়েছে এবং তারা ভালোও করেছে। কেপ ভার্দে আর্জেন্টিনাকে কঠিন চাপে ফেলেছিল। এমন কিছু দলকে আমরা দেখেছি, যারা বড় দলগুলোকে ভুগিয়েছে। দর্শক উপস্থিতির দিক থেকে এখন পর্যন্ত টুর্নামেন্টটি অসাধারণ হয়েছে। সব স্টেডিয়ামই দর্শকে পরিপূর্ণ, পরিবেশ দুর্দান্ত, আর যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে এবং যুক্তরাষ্ট্রের বাইরেও সমর্থকরা উদযাপন করছেন।

এত বড় একটি টুর্নামেন্টে স্বাগতিক দেশগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারা অনেক সাহায্য করে। তারা সবাই নকআউট পর্বে উঠেছে, এটি বিশাল একটি বিষয়। মাঠে এবং মাঠের বাইরে–দুই দিক থেকেই এটি দারুণ সফল হয়েছে।

চারটি অভিষিক্ত দলের মধ্যে কেপ ভার্দে এত ভালো করল কেন? সামগ্রিকভাবে এটি ফুটবল সম্পর্কে কী বার্তা দেয়?
এটি দেখায় যে বাছাইপর্বগুলো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং তারা একটি কারণেই এখানে এসেছে–তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের প্রাপ্য। আপনি যদি আফ্রিকার মতো একটি অঞ্চল থেকে উঠে আসেন, তাহলে আপনাকে অবশ্যই একটি ভালো দল হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তারা টুর্নামেন্টে অনেক আনন্দ এবং অসংখ্য চমকপ্রদ মুহূর্ত এনে দিয়েছে। তারা দারুণ ফুটবল খেলেছে এবং এটিও বিশ্বকাপের গল্পেরই একটি অংশ। শেষ পর্যন্ত, যখন আপনি কোয়ার্টার ফাইনালে পৌঁছাবেন, তখন সাধারণত প্রত্যাশিত দলগুলোকেই সেখানে দেখতে পাবেন। হয়তো এমন একটি চমকপ্রদ দল থাকবে, যাদের আপনি আগে ভাবেননি। তবে বিশ্বকাপে এমন গল্প তৈরি হওয়া দারুণ ব্যাপার এবং এটি টুর্নামেন্টে বাড়তি রোমাঞ্চ যোগ করে।

মিসর আগে কখনোই বিশ্বকাপে একটি ম্যাচও জেতেনি, তাদের এত দূর যাওয়া এবং দীর্ঘদিন পর ফিরে এসে নরওয়ের ভালো পারফরম্যান্সকে আপনি কীভাবে দেখছেন?
তারা এমন দুটি দেশ, যারা ভবিষ্যতে পরাশক্তিতে পরিণত হবে। তাদের মধ্যে এমন সম্ভাবনা রয়েছে যে, আগামী ১৫-২০ বছরের মধ্যে তারা বিশ্বের সেরা ১০ দলের একটি হয়ে উঠতে পারে। মিসর সব সময়ই বিশ্বের সবার কাছ থেকে অনেক সম্মান পেয়ে এসেছে। তারা এখনও বিশ্বকাপে সেটি দেখাতে পারেনি, যেমনটি মরক্কো ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে দেখিয়েছিল। তবে আফ্রিকা কাপ অব নেশন্সে তারা সবসময়ই শেষ চারে থাকে এবং ইউরোপের বিভিন্ন লিগে তাদের শীর্ষমানের খেলোয়াড় রয়েছে, যা অনেক বড় বিষয়।

নরওয়েকে নিয়ে বলতে গেলে, আমরা এখন এমন একটি দেশকে দেখতে পাচ্ছি, যারা ১৯৯০-এর দশকের ক্রোয়েশিয়ার সঙ্গে কিছুটা মিল রেখে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে এত উদ্যম, প্রতিভা এবং গুণগত মান রয়েছে যে, আগামী ১০-১৫ বছরের মধ্যে তারা আজকের ক্রোয়েশিয়ার মতোই একটি বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হতে সক্ষম। বর্তমান নরওয়ে দলটির সঙ্গে আমি সেই ক্রোয়েশিয়া দলের মিল দেখতে পাই, কারণ এটি শুধু আর্লিং হালান্ড বা মার্টিন ওডেগার্ডকে ঘিরে নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। তাদের দলে অনেক গভীরতা রয়েছে এবং এটি এমন একটি দেশ, যারা খুবই উদ্যমী। ফলে তাদের মানসিকতা শীর্ষ পর্যায়ের ক্রীড়াবিদ গড়ে তোলার জন্য অত্যন্ত ইতিবাচক। অলিম্পিকভিত্তিক খেলাগুলোতেও আপনি এটি দেখতে পাবেন, যেখানে নরওয়ে সেরাদের অন্যতম।

ত্রিশের শেষ দিকে এবং চল্লিশের শুরুর দিকে থাকা এত খেলোয়াড়কে পঞ্চম ও ষষ্ঠ বিশ্বকাপে খেলতে দেখে আপনার মূল্যায়ন কী?
এই ক্রীড়াবিদদের দেখে দারুণ লাগে এবং বিষয়টি সত্যিই মুগ্ধকর যে তারা বুঝতে পেরেছে, নির্দিষ্ট জীবনধারা এবং নিজের পেশার প্রতি নিবেদনের মাধ্যমে তারা তাদের ক্যারিয়ার চতুর্থ, পঞ্চম কিংবা ষষ্ঠ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে। চল্লিশের শুরুর দিকে খেলা–২০ বা ৩০ বছর আগে কেউই এটি কল্পনা করতে পারত না। এখন শুধু ফুটবল নয়, সব ধরনের খেলাতেই আপনি এটি দেখতে পাচ্ছেন। আমার কাছে এটি অনেক তরুণ ক্রীড়াবিদ ও শিশুদের অনুপ্রাণিত করে যে, আপনি যদি নিজের যত্ন নেন, তাহলে ২০ বছরেরও বেশি দীর্ঘ ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। তাদের নিবেদন ও মনোযোগ সত্যিই প্রশংসনীয়।

এই টুর্নামেন্টে আপনারা অভিজ্ঞ প্রজন্মের খেলোয়াড়দের দেখছেন, যেমন–লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, ম্যানুয়েল নয়্যার এবং এ ধরনের আরও অনেকে। এরপর রয়েছে লামিনে ইয়ামাল বা জুড বেলিংহামের মতো উদীয়মান তরুণরা, যারা এখনও বেশ তরুণ এবং এখন তাদের সামনে অনুসরণ করার মতো আদর্শ রয়েছে। আমি যদি ফ্লোরিয়ান উইর্টজে হতাম এবং এই মুহূর্তে মেসি ও রোনালদোকে দেখতাম, তাহলে ভাবতাম–আমি যদি নিজের যত্ন নিই এবং আশা করি বড় কোনো চোট না পাই, তাহলে আমার সামনে এখনও ১৫-১৮ বছরের ক্যারিয়ার পড়ে আছে। এটি নতুন প্রজন্মের জন্য দারুণ একটি দিকনির্দেশনা।

বিশ্বকাপে লাল-হলুদের ঝড়

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:০০ এএম
বিশ্বকাপে লাল-হলুদের ঝড়
ছবি: সংগৃহীত

২৩তম ফিফা বিশ্বকাপ যতই শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে মাঠের উত্তাপ। গোল, নাটকীয়তা ও অঘটনের পাশাপাশি আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে রেফারিদের দেখানো হলুদ ও লাল কার্ডের সংখ্যাও। কোয়ার্টার ফাইনাল শুরুর আগেই টুর্নামেন্টটি শৃঙ্খলাভঙ্গের দিক থেকে সাম্প্রতিক বিশ্বকাপগুলোর তুলনায় অনেক বেশি কঠোর চেহারা ধারণ করেছে।

বৃহস্পতিবার রাতে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত বিশ্বকাপে ১৩টি লাল কার্ড দেখানো হয়েছে। যা ২০১৮ ও ২০২২ এই দুই বিশ্বকাপ মিলিয়ে দেখানো মোট লাল কার্ডের (৮টি) চেয়েও বেশি। অর্থাৎ শেষ হওয়ার আগেই উত্তর আমেরিকার বিশ্বকাপ নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুধু লাল কার্ডই নয়, এখন পর্যন্ত হলুদ কার্ডেরও রেকর্ড হয়েছে। কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগ পর্যন্ত রেফারিরা ৩৩৫টিরও বেশি হলুদ কার্ড দেখিয়েছেন। এবারের বিশ্বকাপে গোলের জোয়ারের পাশাপাশি মাঠের কঠোর ফুটবল এবং ফাউলের কারণে কার্ডের সংখ্যাও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগের দুই বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরের একই পর্যায় পর্যন্ত কার্ডের ব্যবহার দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। ২০২২ কাতার বিশ্বকাপে দেখানো হয়েছিল ১৮৩টি হলুদ কার্ড। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এই সংখ্যা ছিল ১৮৯টি।

নকআউট পর্বে ম্যাচের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রেফারিদের সবচেয়ে ব্যস্ত থাকতে হয়েছে খেলোয়াড়দের আগ্রাসী ট্যাকল, বিপজ্জনক ফাউল ও অসদাচরণের কারণে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই তিনটি লাল কার্ড দেখিয়ে আলোচনায় আসেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর গ্রুপ পর্ব জুড়েই ধারাবাহিকভাবে লাল কার্ডের সংখ্যা বাড়তে থাকে। নকআউট পর্বেও সেই প্রবণতা অব্যাহত রয়েছে, যেখানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সহায়তায় একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফার বর্তমান শৃঙ্খলা নীতিমালা অনুযায়ী, সরাসরি লাল কার্ড কিংবা একই ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরের ম্যাচে নিষিদ্ধ থাকতে হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও বাড়ানো হতে পারে। বিশ্লেষকদের মতে, ৪৮ দলের নতুন ফরম্যাটে ম্যাচসংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি নকআউট লড়াইয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতা কার্ডের সংখ্যাও বাড়িয়ে দিয়েছে। ফলে সেমিফাইনাল ও ফাইনাল সামনে রেখে শৃঙ্খলা ধরে রাখা এখন প্রতিটি দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

পরিসংখ্যান বলছে, ২০২২ কাতার বিশ্বকাপে মোট ৪টি লাল কার্ড দেখানো হয়েছিল, যার মধ্যে মাত্র ১টি ছিল সরাসরি লাল কার্ড। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও মোট ৪টি লাল কার্ড ছিল, যার মধ্যে ২টি ছিল সরাসরি। অর্থাৎ টানা দুই বিশ্বকাপেই লাল কার্ডের সংখ্যা ছিল খুবই কম। এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে মোট ১০টি লাল কার্ড দেখানো হয়, যার মধ্যে ৭টি ছিল সরাসরি। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মোট ১৭টি লাল কার্ডের মধ্যে ৯টি ছিল সরসারি। আর ২০০৬ জার্মানি বিশ্বকাপে রেকর্ড ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল, যার মধ্যে ৯টি ছিল সরাসরি। সেই আসর এখনো বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ডের জন্য পরিচিত। ২০২৬ আসরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এখন পর্যন্ত দেখানো ১৩টি লাল কার্ডের একটিও দ্বিতীয় হলুদ কার্ডের মাধ্যমে আসেনি। অর্থাৎ প্রতিটি ঘটনাতেই রেফারিরা সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ভিএআরের সহায়তা এবং খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণে রেফারিরা এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থান নিচ্ছেন। ফলে ২৩তম বিশ্বকাপ সরাসরি লাল কার্ডের সংখ্যা ও হলুদ কার্ডের জন্যও আলাদাভাবে আলোচিত হয়ে উঠেছে।

সাত প্রাচীরের বিশ্বকাপ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ এএম
সাত প্রাচীরের বিশ্বকাপ
কেপ ভার্দের ভোজিনহা, প্যারাগুয়ের অরল্যান্ডো গিল, ইরানের আলিরেজা বেইরানভান্দ

কেপ ভার্দের ভোজিনহা, প্যারাগুয়ের অরল্যান্ডো গিল, ইরানের আলিরেজা বেইরানভান্দ, কুরাসাওয়ের এলয় রুম, অস্ট্রেলিয়ার প্যাট্রিক বিচ, মিসরের মোস্তফা শোবেইর এবং নরওয়ের ওরইয়ান নাইল্যান্ড–সাত দেশের এই সাত গোলরক্ষক নিজেদের পারফরম্যান্সে প্রমাণ করেছেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন শুধু গোলদাতাদের কাঁধে ভর করে এগোয় না; গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা একজোড়া নির্ভরযোগ্য হাতও সমান গুরুত্বপূর্ণ। তাদের নিয়েই বিশেষ আয়োজন ‘সাত প্রাচীরের বিশ্বকাপ’।

ভোজিনহা: কেপ ভার্দের রূপকথার নায়ক
বিশ্বকাপে ভোজিনহার পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা দুর্দান্ত ছিলেন। ৫ ম্যাচে ১৮টি সেভ, হজম করেছেন ৫টি গোল, রেখেছেন ২টি ক্লিনশিট। টাইব্রেকার কিংবা নির্ধারিত সময়ে কোনো পেনাল্টি সেভ না থাকলেও তার অসাধারণ শট-স্টপিং কেপ ভার্দেকে প্রতিটি ম্যাচেই লড়াইয়ে রেখেছে। 

তার সেরা পারফরম্যান্স আসে গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দেন ভোজিনহা। পেদ্রি, ফেরান তোরেস ও মিকেল ওইয়ারসাবালের মতো তারকাদের নিশ্চিত গোল থেকে বঞ্চিত করে ম্যাচসেরার মতোই পারফরম্যান্স করেন তিনি। সেই ম্যাচেই গোটা ফুটবল বিশ্ব প্রথমবার উপলব্ধি করে, কেপ ভার্দের গোলপোস্টে দাঁড়িয়ে আছেন অসাধারণ এক অভিভাবক।

নকআউট পর্বেও ৪০ বছর বয়সী গোলরক্ষকের দৃঢ়তা কমেনি। ক্লাবহীন এই ফুটবলার শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসিদের একের পর এক আক্রমণ সামলে ম্যাচটিকে দীর্ঘ সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে রাখেন। শেষ পর্যন্ত কেপ ভার্দে হারলেও ভোজিনহার একাধিক অবিশ্বাস্য সেভ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। এমনকি অনেক বিশ্লেষকের মতে, এই বিশ্বকাপের নকআউট পর্বের অন্যতম সেরা গোলরক্ষকের পারফরম্যান্স ছিল সেটি।

অরল্যান্ডো গিল: পরাজয়েও মাথা উঁচু
কয়েক বছর আগেও সংসার চালাতে নিজের প্রিয় জার্সি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। অসুস্থ সন্তানের চিকিৎসার খরচ জোগাতে একে একে বিক্রি করেছিলেন নিজের মূল্যবান স্মৃতিগুলো। সেই অরল্যান্ডো গিলই আজ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত গোলরক্ষকদের একজন। ২০২৬ বিশ্বকাপে প্যারাগুয়ের অবিশ্বাস্য লড়াইয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল এই ২৬ বছর বয়সী গোলরক্ষকের।

১.৯৮ মিটার উচ্চতার গিল বর্তমানে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব সান লোরেঞ্জো দে আলমাগ্রোর হয়ে খেলেন। বিশ্বকাপে গিল ছিলেন প্যারাগুয়ের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার। চার ম্যাচে তিনি ১৫টি সেভ করেছেন, ৬টি গোল হজম করেছেন এবং ১টি পেনাল্টি সেভ করে আলোচনায় আসেন। দুটি ম্যাচে প্রতিপক্ষকে গোলশূন্যও রাখেন। তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই প্যারাগুয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় এবং জার্মানির মতো শক্তিশালী দলকে বিদায় দিয়ে বিশ্বকে চমকে দেয়। 

বিশ্বকাপে তার সেরা ম্যাচ নিঃসন্দেহে জার্মানির বিপক্ষে। ম্যাচজুড়ে একের পর এক দুর্দান্ত সেভ করে জার্মান ফরোয়ার্ডদের হতাশ করেন তিনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে কাছ থেকে নেওয়া একটি হেড অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সেই সেভটিই টুর্নামেন্টের অন্যতম সেরা গোলরক্ষকসুলভ মুহূর্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষেও গিল নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। কিলিয়ান এমবাপ্পেদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দীর্ঘ সময় ম্যাচে প্যারাগুয়েকে টিকিয়ে রাখেন। শেষ পর্যন্ত একটি পেনাল্টির গোলে ১-০ ব্যবধানে হারলেও গিলের কয়েকটি দৃষ্টিনন্দন সেভ ফরাসি আক্রমণভাগকে বারবার হতাশ করেছে। অনেক বিশ্লেষকের মতে, গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্য না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত। 

বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স ইউরোপের ক্লাবগুলোরও নজর কেড়েছে। ইতালির ক্লাব তুরিনো তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। কয়েক সপ্তাহ আগেও যিনি কেবল দক্ষিণ আমেরিকার ফুটবলেই পরিচিত ছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তিনি ইউরোপের ট্রান্সফার বাজারের আলোচিত নাম হয়ে উঠেছেন। 

আলিরেজা বেইরানভান্দ: মরুভূমির রাখাল, বিশ্বকাপের মহাপ্রাচীর
৩৩ বছর বয়সী বেইরানভান্দ বর্তমানে ইরানের শীর্ষ ক্লাব ট্রাক্টরের হয়ে খেলছেন। বিশ্ব ফুটবলে তার পরিচিতি অবশ্য অনেক আগেই। ২০১৮ বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি ঠেকিয়ে তিনি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন। আর ২০২৬ বিশ্বকাপে সেই অভিজ্ঞতা আরও পরিণত রূপে ফুটে উঠেছে। 

চলতি বিশ্বকাপে ইরানের সবচেয়ে বড় শক্তি হয়ে দেখা দেন এই অভিজ্ঞ গোলরক্ষক। টুর্নামেন্টজুড়ে তিনি ৪৬টি সেভ করে গোলরক্ষকদের তালিকায় শীর্ষ সারিতে অবস্থান করছেন। অসংখ্য নিশ্চিত গোল ফিরিয়ে দিয়ে তিনি ইরানকে একাধিক ম্যাচে লড়াইয়ে রাখেন। তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তাকে।

বিশ্বকাপে তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স আসে বেলজিয়ামের বিপক্ষে। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেও বেলজিয়াম গোলের দেখা পায়নি। কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকুদের একের পর এক প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় প্রতিহত করেন বেইরানভান্দ। সেই ম্যাচে তিনি সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে ইরানকে মূল্যবান গোলশূন্য ড্র এনে দেন। অনেক বিশ্লেষক এটিকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষকসুলভ পারফরম্যান্স হিসেবে উল্লেখ করেছেন।

শুধু বেলজিয়াম নয়, পুরো টুর্নামেন্টে তার অবস্থানজ্ঞান, বল ধরার দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইরানের রক্ষণভাগকে দিয়েছে আলাদা আত্মবিশ্বাস। প্রতিপক্ষের ক্রস কিংবা দূরপাল্লার শট–সব ক্ষেত্রেই তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। গোললাইন ছেড়ে বেরিয়ে এসে বিপজ্জনক আক্রমণ নষ্ট করার দক্ষতাও ছিল চোখে পড়ার মতো।

বেইরানভান্দের জীবনও যেন রূপকথার মতো। ছোটবেলায় যাযাবর পরিবারের সন্তান হিসেবে ভেড়া চরিয়েছেন, ফুটবলার হওয়ার স্বপ্নে ঘর ছেড়ে রাজধানী তেহরানে এসে কখনও কার ওয়াশে, কখনও পিৎজার দোকানে, কখনও রাস্তা পরিষ্কারের কাজ করেছেন। সেই সংগ্রামী কিশোরই আজ ইরানের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক। 

এলয় রুম: ক্যারিবীয় ফুটবলের নতুন গর্ব
বিশ্বকাপের মঞ্চে বড় দলগুলোর তারকাদের ঝলকানিই সাধারণত সবচেয়ে বেশি আলো কাড়ে। কিন্তু প্রতিটি আসরেই এমন কিছু ফুটবলার উঠে আসেন, যাদের পারফরম্যান্স দলীয় সাফল্যের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ফুটবলের শ্রদ্ধা আদায় করে নেয়। ২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম ছিলেন তেমনই একজন। ছোট্ট ক্যারিবীয় দ্বীপদেশটির জার্সিতে তিনি যে দৃঢ়তা, সাহস এবং অসাধারণ গোলরক্ষকসুলভ দক্ষতা দেখিয়েছেন, তা তাকে টুর্নামেন্টের অন্যতম আলোচিত গোলরক্ষকে পরিণত করেছে।

৩৬ বছর বয়সী এলয় রুম দীর্ঘদিন ধরেই কুরাসাও জাতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই গোলরক্ষক বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিভাগের ক্লাব মায়ামি এফসির হয়ে খেলেন। এর আগে তিনি নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবেও খেলেছেন। অভিজ্ঞতা, শান্ত স্বভাব এবং দুর্দান্ত রিফ্লেক্সই তার সবচেয়ে বড় শক্তি।

বিশ্বকাপে কুরাসাও তুলনামূলক কম শক্তিশালী দল হলেও এলয় রুমের নৈপুণ্যের কারণে প্রতিপক্ষকে সহজে গোলের দেখা পেতে হয়নি। টুর্নামেন্টজুড়ে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ সেভ করে নিজের দলকে একাধিক ম্যাচে লড়াইয়ে রেখেছেন। বিশেষ করে কাছ থেকে নেওয়া শট ঠেকানো এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে তার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল চোখে পড়ার মতো।

তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স আসে দক্ষিণ আমেরিকার শক্তিশালী প্রতিপক্ষ ইকুয়েডরের বিপক্ষে। ম্যাচজুড়ে প্রতিপক্ষের ধারাবাহিক আক্রমণের মুখে একের পর এক অসাধারণ সেভ করেন তিনি। প্রথমার্ধেই কয়েকটি নিশ্চিত গোল রুখে দিয়ে ম্যাচে কুরাসাওকে টিকিয়ে রাখেন। দ্বিতীয়ার্ধেও তার দৃঢ়তা ভাঙতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়েছে। শেষ পর্যন্ত ফল নিজেদের পক্ষে না এলেও এলয় রুমই ছিলেন ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড়।

বিশ্বকাপের যাত্রা হয়তো কুরাসাওয়ের জন্য দীর্ঘ হয়নি, কিন্তু এলয় রুম দেখিয়ে দিয়েছেন, ছোট দেশের একজন গোলরক্ষকও বিশ্বমঞ্চে সমান উজ্জ্বল হতে পারেন।

প্যাট্রিক বিচ: অস্ট্রেলিয়ার নতুন প্রহরী
২০২৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আবিষ্কার যদি একজন ফুটবলারের নাম বলতে হয়, তাহলে নিঃসন্দেহে সেই নাম প্যাট্রিক বিচ। মাত্র ২২ বছর বয়সেই তিনি এমন পরিণত গোলরক্ষকের পরিচয় দিয়েছেন, যা ফুটবলবিশ্বের দৃষ্টি কাড়তে বাধ্য করেছে। অভিজ্ঞ গোলরক্ষকদের ভিড়ে তরুণ এই অস্ট্রেলিয়ান প্রমাণ করেছেন, বয়স নয়–সাহস, আত্মবিশ্বাস ও প্রতিভাই বড় মঞ্চে পার্থক্য গড়ে দেয়।

মেলবোর্নে জন্ম নেওয়া প্যাট্রিক বিচ বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি এফসির হয়ে খেলেন। ক্লাব পর্যায়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি জাতীয় দলে সুযোগ পান। বিশ্বকাপের মতো বিশাল আসরে প্রথমবার খেলেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

টুর্নামেন্টজুড়ে বিচের সবচেয়ে বড় শক্তি ছিল তার অসাধারণ রিফ্লেক্স। কাছ থেকে নেওয়া শট ঠেকানো, দ্রুত নিচু হয়ে বল ধরার ক্ষমতা এবং কর্নার থেকে উড়ে আসা বল আত্মবিশ্বাসের সঙ্গে সংগ্রহ করার দক্ষতা অস্ট্রেলিয়ার রক্ষণভাগকে দিয়েছে বাড়তি নিরাপত্তা। প্রতিপক্ষের চাপের মুহূর্তেও তাকে খুব কমই বিচলিত হতে দেখা গেছে। বিশ্বকাপে তার অন্যতম সেরা পারফরম্যান্স আসে শক্তিশালী প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচজুড়ে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রাখেন তিনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে পরপর কয়েকটি দৃষ্টিনন্দন সেভ দর্শকদের মুগ্ধ করে। ম্যাচ শেষে প্রতিপক্ষের কোচও তার প্রশংসা করতে বাধ্য হন।

নকআউট পর্বেও বিচ নিজের সামর্থ্যের প্রমাণ দেন। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউরোপের কয়েকটি ক্লাব ইতোমধ্যেই তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার ফুটবল বিশেষজ্ঞদের বিশ্বাস, খুব শিগগিরই তিনি ইউরোপের শীর্ষ কোনো লিগে খেলবেন। বয়স তার পক্ষে, আর উন্নতির সুযোগও অনেক।

অস্ট্রেলিয়া হয়তো এবার বিশ্বকাপ জয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। কিন্তু দলটি ভবিষ্যতের জন্য যে সবচেয়ে বড় সম্পদ খুঁজে পেয়েছে, তার নাম প্যাট্রিক বিচ। গোলপোস্টের নিচে তার আত্মবিশ্বাস, পরিণত মানসিকতা এবং অসাধারণ প্রতিক্রিয়াশীলতা প্রমাণ করেছে, আগামী এক দশক অস্ট্রেলিয়ার গোলবার নিরাপদ হাতেই থাকবে।

মোস্তাফা শোবেইর: মিসরের প্রাচীর
আফ্রিকার ফুটবল ঐতিহ্যে গোলরক্ষকদের ভূমিকা সব সময়ই গুরুত্বপূর্ণ। এক সময় এসাম এল-হাদারি, পরে মোহাম্মদ এল শেনাওয়ি–এই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপে নতুন এক নাম উঠে এসেছে, মোস্তফা শোবেইর। টুর্নামেন্টজুড়ে তার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং অসাধারণ শট-স্টপিং মিসরকে শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলই উপহার দেয়নি, বরং বিশ্ব ফুটবলেও নতুন এক গোলরক্ষকের আগমনী বার্তা পৌঁছে দিয়েছে।

২৫ বছর বয়সী শোবেইর বর্তমানে মিসরের ঐতিহ্যবাহী ক্লাব আল আহলির গোলপোস্ট সামলাচ্ছেন। কিংবদন্তি গোলরক্ষক ও টেলিভিশন বিশ্লেষক আহমেদ শোবেইরের ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তবে বিশ্বকাপে তিনি প্রমাণ করেছেন, পরিচয়ের চেয়ে নিজের পারফরম্যান্সই একজন ফুটবলারের সবচেয়ে বড় পরিচয়।

তার সবচেয়ে আলোচিত পারফরম্যান্স আসে আর্জেন্টিনার বিপক্ষে। লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ এবং আর্জেন্টিনার আক্রমণভাগ ম্যাচজুড়ে মিসরের রক্ষণে চাপ সৃষ্টি করলেও শোবেইর একাধিক দুর্দান্ত সেভ করে দলকে দীর্ঘ সময় লড়াইয়ে রাখেন। বিশেষ করে প্রথমার্ধে মেসির কাছ থেকে নেওয়া নিচু শট এবং দ্বিতীয়ার্ধে কাছ থেকে নেওয়া একটি হেড ফিরিয়ে দেওয়া ছিল ম্যাচের স্মরণীয় মুহূর্তগুলোর একটি। যদিও শেষ পর্যন্ত মিসর জয় পায়নি, তবু ম্যাচসেরার আলোচনায় উঠে আসে শোবেইরের নাম। আর মেসির পেনাল্টি শট রুখে দেওয়া তো রয়েছেই।

গ্রুপ পর্বেও তিনি ধারাবাহিক ছিলেন। প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে সহজে গোলের সুযোগ নিতে দেননি। তার রিফ্লেক্স, পজিশনিং এবং বলের গতিপথ বোঝার ক্ষমতা মিসরের রক্ষণকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। অনেক সময় ডিফেন্ডারদের ভুলও নিজের দক্ষতায় সামলে দেন তিনি। মিসর হয়তো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি, কিন্তু দলটি নতুন এক নির্ভরতার প্রতীক খুঁজে পেয়েছে। মোস্তফা শোবেইর দেখিয়ে দিয়েছেন, বড় মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণ করতে নাম নয়, প্রয়োজন সাহস, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম।

ওরইয়ান নাইল্যান্ড: গোলমুখে নরওয়ের ভরসা
২০২৬ বিশ্বকাপে নরওয়ের সাফল্যের কথা উঠলে সবার আগে উচ্চারিত হয় আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নাম। কিন্তু টুর্নামেন্টজুড়ে নরওয়ের রক্ষণভাগের সবচেয়ে বড় ভরসা ছিলেন গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড। ৩৫ বছর বয়সী নাইল্যান্ড বর্তমানে স্পেনের শীর্ষ লিগের ক্লাব সেভিয়ার হয়ে খেলছেন। ইউরোপের বিভিন্ন লিগে খেলার দীর্ঘ অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে। সেই অভিজ্ঞতার প্রতিফলনই দেখা গেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে।

নরওয়ের আক্রমণভাগ যেমন প্রতিপক্ষকে চাপে রেখেছে, তেমনি রক্ষণভাগে শেষ ভরসা ছিলেন নাইল্যান্ড। টুর্নামেন্টজুড়ে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন। প্রতিপক্ষের দ্রুতগতির আক্রমণ, দূরপাল্লার শট কিংবা কর্নার থেকে ভেসে আসা বল–সব ক্ষেত্রেই ছিল তার আত্মবিশ্বাসী উপস্থিতি। গোললাইন ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করার দক্ষতাও নরওয়ের রক্ষণকে আরও সুসংগঠিত করেছে।

বিশ্বকাপে তার সবচেয়ে আলোচিত পারফরম্যান্স আসে ব্রাজিলের বিপক্ষে। দক্ষিণ আমেরিকার দলটি ম্যাচজুড়ে ধারাবাহিকভাবে আক্রমণ চালালেও নাইল্যান্ড একের পর এক অবিশ্বাস্য সেভ করে নরওয়েকে ম্যাচে টিকিয়ে রাখেন। বিশেষ করে দ্বিতীয়ার্ধে কাছ থেকে নেওয়া দুটি শট প্রতিহত করে তিনি দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন কুড়ান। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়রাও তার প্রশংসা করতে বাধ্য হন।

বিশ্বকাপে নরওয়ের অগ্রযাত্রায় হালান্ডদের গোল যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি গুরুত্বপূর্ণ ছিল নাইল্যান্ডের সেভগুলো। ২০২৬ বিশ্বকাপ হয়তো নরওয়ের জন্য ঐতিহাসিক ট্রফি এনে দিতে পারুক বা না পারুক, ওরইয়ান নাইল্যান্ড নিজের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং অসাধারণ পারফরম্যান্স দিয়ে এই আসরের অন্যতম সেরা গোলরক্ষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন ইতোমধ্যে।