ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এই সেন্টার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, সাইদা শিনইচি।
রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টার চালু সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্যোগে বাংলাদেশ এবং জাপানের বন্ধন আরও দৃঢ় হবে। একই সঙ্গে এই সেন্টারের প্রথম ভাষা হিসেবে জাপানি ভাষাকে বেছে নেওয়ায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘তৃতীয় ভাষা শেখার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়ে এই ফরেন ল্যাংগুয়েজ সেন্টার চালুর মাধ্যমে, শিক্ষার্থীরা দেশের সীমানা ছাড়িয়ে নিজেদের বৈশ্বিক গ্রাজুয়েট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব জনাব হেদায়তুল ইসলাম। তিনি এ ধরনের কাজের সঙ্গে সরকারের একাত্মতার কথা উল্লেখ করেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, নতুন এই ল্যাংগুয়েজ সেন্টার একাডেমিক ও সাংস্কৃতিক আদান প্রদানের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।
এ অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থীসহ জাপান এলামনাই এসোসিয়েশনের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তর এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তি/