জঙ্গলগভীরে উঠেছে হাওয়াহরিতের ঢেউ, ক্রমশ শব্দ স্তব্ধ হচ্ছে ছোট ঝোরাটির
ভেজা প্রজাপতিদের মাঝখানে বসে ভেজা-ভেজা গান গাইছে দেখো বাদলফকির
সে-গানে কদমবনের গন্ধ ভেসে আসে, সে-গান সূর্যপাখিদের ডানার রঙিন
ক্রমে বৃষ্টি গাঢ় হয়, খমকগর্ভে গিয়ে আশ্রয় নেবে বুঝি আজকের উদাসীন দিন!
আমার এই গানজঙ্গলের দিকে ভিজে ভিজে ফিরে আসে বহুরঙা পাখিদের দল
ফুলচোষা, দোয়েল, কোয়েল, শামুকখোলগুলি ঝেড়ে নেয় ডানায় জমে থাকা জল
টিলার মাথায় সাবাইঘাসের ঢেউ দুলে যায়, অদৃশ্য হচ্ছে ক্রমে ভুটানপাহাড়
ফকিরের সুর ভেসে আসছে শুধু, গানের কথাগুলি বোঝা যাবে না তো আর
খমকবাজনাও স্যাঁতসেঁতে হয়ে চুপ হয়ে গেছে, শব্দ শুধু একটানা বৃষ্টিপতন
শিকড়ে লুকিয়ে রাখা জলের রহস্য নিয়ে মেতে ওঠে উল্লসিত গামারের বন
দিন ফুরোতে থাকে স্নিগ্ধ আলো মেখে, শিশুকচ্ছপে ভরে ওঠে ঝোরাটির তীর
কথা নেই কোনও, শুধু সুরটুকু মেখে বৃষ্টিতে ভিজি, আমি আর বাদলফকির