বজ্রের ব্যাঘ্রগর্জনে চমকিত আকাশের নিচে
বৃষ্টি আর বাতাসের তীব্র টানা প্রতিযোগিতায়
বাউরি বর্ষার এই রাত ঘনঘোর আঁধারের।
গাছভাঙার শব্দে সন্ত্রস্ত গহিন অরণ্য মাঝে
ডালের আড়ালখোপে খড়কুটোর ঠুনকো নীড়ে
পাখিমা’র পাখার ভাঁজে ছানারা কাঁপছে থরথর।
জননীর বুকেও কাঁপন, মুহুর্মুহু আশংকার–
বহুকষ্টে গড়া এ-আশ্রয় যদি ভেঙে পড়ে ঝড়ে...