ন্যাটো সম্মেলন শেষে জোটের প্রতিটি রাষ্ট্রের সরকারপ্রধানকে বিদায়ী উপহার হিসেবে একটি করে ভিনটেজ রিভলবার ও গুলি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরতেই তিনি এই ব্যতিক্রমী উপহার দিয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৮ জুলাই) আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে নেতাদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। নিজের দেশে ফিরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ভেভার তার লাগেজে হ্যান্ডগান ও গুলি দেখে বিস্মিত হন।
বিভিন্ন দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, নেতাদের দেওয়া উপহারটি ছিল তুরস্কের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেই-এর তৈরি বিরল ‘গুমুসায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলবার। ১৯৯০-এর দশকে উৎপাদিত এই ছয় চেম্বারের রিভলবারটি একটি কাঠের বাক্সে রাখা ছিল। বাক্সে তুরস্কের জাতীয় পতাকা, ন্যাটোর লোগো এবং তুর্কি ও ইংরেজি ভাষায় লেখা ছিল, ‘আমাদের দেশে উৎপাদিত প্রথম হ্যান্ডগান গুমুসায়।’ লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদার কার্যালয় প্রকাশিত ছবিতে ওই উপহারের চিত্র দেখা যায়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মুখপাত্র জানান, প্রত্যেক নেতাকে একই ধরনের রিভলবার দেওয়া হয়েছে এবং প্রতিটির গায়ে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল। বেলজিয়ামের প্রধানমন্ত্রী তার রিভলবারটি নিরাপদ সংরক্ষণের জন্য ব্রাসেলস বিমানবন্দর পুলিশের কাছে জমা দিয়েছেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কির এক সহকারী জানান, তার রিভলবারটি ওয়ারশ বিমানবন্দরে শুল্ক ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হবে।
নেদারল্যান্ডস ও সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাদের উপহার পাওয়া রিভলবার দুটি আঙ্কারায় নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। এর মধ্যে নেদারল্যান্ডসের রিভলবারটি অচল (ডিঅ্যাকটিভেট) করা হবে, আর সুইডেনেরটি আমদানিসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য দেওয়া রিভলবারের সঙ্গে একটি পরিষ্কার করার কিট এবং ৫০০ রাউন্ড গুলিও ছিল বলে ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রিভলবারটি ইতোমধ্যে রোমে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পালাজ্জো কিজি’তে অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মজা করে বলেন, ‘আমার দেওয়া ম্যাপল সিরাপের উপহারটির তুলনায় তুরস্কের উপহারটি অনেক বড় হয়ে গেছে।’ তিনি আরও বলেন, এটি আগেই অচল করে দেওয়া হয়েছে এবং সম্ভবত কানাডার জাতীয় যুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা হবে।
সূত্র: সিএনএন