হ্যারি কেইন ও আর্লিং হালান্ড—আধুনিক ফুটবলের দুই সেরা গোলস্কোরারের নাম। একটু ভিন্নভাবে বললে, তারা যেন দুই নিখুঁত ‘শিকারি’। প্রতিপক্ষের বক্সে ওত পেতে থাকা, সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়া এবং নিখুঁত ফিনিশিং—এটাই দুজনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
উত্তর আমেরিকা বিশ্বকাপে এবার এই দুই তারকার মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় শনিবার (১১ জুলাই) রাত ৩টায় মুখোমুখি হবে হালান্ডের নরওয়ে ও কেইনের ইংল্যান্ড। ফুটবল ঐতিহ্যে ইংল্যান্ড নরওয়ের তুলনায় অনেক এগিয়ে। তবে নরওয়ে দলে একজন হালান্ডের উপস্থিতি এই ব্যবধান এক ঝটকায় উড়িয়ে দিচ্ছে। ফলে মিয়ামিতে শেয়ানে-শেয়ানে এক লড়াই দেখার অপেক্ষায় সবাই।
কেইন ও হালান্ড শুধু সময়ের সেরা স্ট্রাইকারই নন। আছেন দুর্দান্ত ছন্দেও। হালান্ডকে তো গত প্রায় দুই বছরে আন্তর্জাতিক ফুটবলে সেভাবে কেউ আটকাতেই পারেনি। বিশ্বকাপের আগে টানা ১৪ আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন। ছন্দটা ধরে রেখেছেন নিজের প্রথম বিশ্বকাপেও। কোয়ার্টার ফাইনালে তার জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করে নরওয়ে। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ গোল করে গোল্ডেন বুটের জোড়ালো দাবিদার তিনি। ৮টি করে গোল করে তার ওপরে আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। কে জানে, এই ম্যাচেই হয়তো দুজনকে ছুঁয়ে ফেলবেন অথবা ছাড়িয়ে যাবেন। এখন পর্যন্ত এই তারকার পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই, প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছেন তিনি। অন্যদিকে কেইনও খুব বেশি পিছিয়ে নেই। ৫ ম্যাচে ৬ গোল করে আপাতত তালিকায় চতুর্থ স্থানে ইংল্যান্ড অধিনায়ক। মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ আটে পৌঁছেছে একবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে পেনাল্টিতে গোল করেছিলেন কেইন। এর আগে রাউন্ড অব বত্রিশ ম্যাচে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিপক্ষে হারের দুয়ারে ছিল ইংল্যান্ড। সেদিন জোড়া গোলে দলকে উদ্ধার করেন কেইন।
যদিও এবারের বিশ্বকাপে গোলের হিসেবে হালান্ডের চেয়ে একটু পিছিয়ে কেইন। তবে ক্লাব ও দেশের হয়ে পুরো মৌসুমের পারফরম্যান্সে এগিয়ে তিনি। ২০২৫-২৬ মৌসুমে কেইন করেছেন ৭৩ গোল, যা তাকে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে তুলে দিয়েছে। তার সামনে আছেন শুধু লিওনেল মেসি। অন্যদিকে হালান্ডও দারুণ একটি মৌসুম কাটিয়েছেন। ম্যানচেস্টার সিটির হয়ে ৩৮ এবং নরওয়ের হয়ে মাত্র ১১ ম্যাচে ২০ গোল করে মোট ৫৮ গোল করেছেন তিনি। পাশাপাশি চার মৌসুমে তৃতীয়বারের মতো জিতেছেন প্রিমিয়ার লিগের ‘গোল্ডেন বুট’।
৩২ বছর বয়সী কেইনের সঙ্গে ২৫ বছর বয়সী হালান্ডের তুলনা অবশ্য অনেক আগে থেকেই চলছে। ২০২১ সালে কেইনের ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আলোচনা তুঙ্গে ছিল। তবে শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। পরের গ্রীষ্মেই বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন হালান্ড। প্রথম মৌসুমেই গোলের বন্যা বইয়ে ক্লাবকে এনে দেন ঐতিহাসিক ট্রেবল। অন্যদিকে তখনো টটেনহ্যামের অধিনায়ক কেইন—অসংখ্য গোল করেও শিরোপাশূন্য। বড় ক্লাবে না যেতে পারার আক্ষেপে ঘেরা তার সময়। তবে ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে কেইনও তার গল্পটা বদলে ফেলেছেন। সবশেষ দুই মৌসুমে বায়ার্নের হয়ে বুন্দেস লিগ শিরোপা জিতেছেন তিনি। দুবার জিতেছেন ইউরোপের সর্বোচ্চ গোলস্কোরারের খেতাব।
জাতীয় দলের ক্ষেত্রে হালান্ড ও কেইন- দুজনই নিজ নিজ দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। হালান্ড ৫৪ ম্যাচে ৬২ গোল করে নরওয়ের সর্বকালের সেরা গোলদাতা। অন্যদিকে কেইন ১১৯ ম্যাচে ৮৫ গোল করে ইংল্যান্ডের শীর্ষে অবস্থান করছেন। তবে একটা জায়গায় হালান্ডের চেয়ে এগিয়ে কেইন। ইংল্যান্ড অধিনায়ক গোল করার পাশাপাশি আক্রমণ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আসলে দুজনের খেলার ধরনে কিছুটা ভিন্ন রয়েছে। হালান্ড মূলত স্ট্রাইকার হিসেবে খেলেন। কেইনও তাই। তবে এই ইংলিশ ফুটবলার অনেক সময় নিচে এসেও খেলেন। আক্রমণ তৈরিতে সহায়তা করে। তাই বলে হালান্ডকে শুধু ‘গোলদাতা’ বলা ঠিক হবে না। গত মৌসুমে ক্লাব ফুটবলে কেইনের চেয়েও বেশি অ্যাসিস্ট করেছেন নরওয়ের এই স্ট্রাইকার।
সব মিলিয়ে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল শুধু দুটি দলের লড়াই নয়, এটি আধুনিক ফুটবলের দুই সেরা স্ট্রাইকারেরও দ্বৈরথ। একজন অভিজ্ঞতা, নেতৃত্ব ও সর্বাঙ্গীণ খেলায় এগিয়ে; অন্যজন বিস্ফোরক গোল করার ক্ষমতায় প্রতিপক্ষের জন্য বড় এক আতঙ্কের নাম। শেষ পর্যন্ত কোন তারকা নিজের দলকে সেমিফাইনালে তুলতে পারবেন, সেটাই এখন ফুটবলপ্রেমীদের কাছে বড় কৌতূহলের বিষয়।