ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা বোয়ালমারীতে মন্দিরে চুরি, চোর ধরতে গিয়ে নির্যাতনের শিকার ২ পুরোহিতকে জরিমানা মতলব সেতুর সংযোগ সড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা হাতিয়ায় ৯০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলক্ষ মানুষ শুভসন্ধ্যা সৈকতে পর্যটকের মরদেহ উদ্ধার গজারিয়ায় আধুনিকতার ছোঁয়ায়  উদ্বোধন ‘ন্যাচার লাউঞ্জ’ বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার গোরানের বাসা থেকে লালমাটিয়া কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মায়ামিতে ইতিহাস বনাম স্বপ্ন কোরআনে বর্ণিত চারটি সুপারফুড ‘আগুনে পরশমণি’ পরীক্ষা আর্জেন্টিনার মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আইএমএফের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে ঋণচুক্তি আয়াতুল্লাহ খামেনির দাফন অনুষ্ঠানেও যুদ্ধের ছায়া শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সোনারগাঁয় যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপিপুত্র সাতক্ষীরায় রাতভর রেকর্ড বৃষ্টি: তীব্র জলাবদ্ধতায় স্থবির জনজীবন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পাহাড়ধসে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল ফরিদপুর সরকারি শিশু পরিবারের কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা যুদ্ধ বন্ধে তৎপর মধ্যস্থতাকারীরা সোনারগাঁয় পানাম নগরীর ধ্বংসপ্রাপ্ত প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবি বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ যমুনার ভাঙনে ধুনটে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যুক্তরাষ্ট্রের তেল মজুত তলানিতে মেসিদের সুইস দেয়াল ভাঙার চ্যালেঞ্জ কাজে লাগছে না কর্মক্ষম জনগোষ্ঠী পুলিশকে বারবার টার্গেট, অপ্রতিরোধ্য মব সহিংসতা! সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

লাশের স্তূপের ভিডিও নিয়ে তোলপাড়

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট: ৩১ আগস্ট ২০২৪, ০৩:২৭ পিএম
লাশের স্তূপের ভিডিও নিয়ে তোলপাড়
ছবি : খবরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ বেশ কয়েকটি লাশ পুলিশ সদস্যরা ভ্যানে তুলছেন। এক মিনিটের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মর্মান্তিক এই ভিডিওর স্থান ও নিহতদের সঙ্গে পরবর্তীতে কী ঘটেছিল? এ নিয়ে নেটিজেনরা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। 

অনেকেই বলছেন, ভিডিওটি আশুলিয়া থানার সামনে ৫ আগস্টের ঘটনা। ঘটনাস্থলে গিয়ে দেয়ালে সাঁটানো একটি পোস্টার দেখেও ভিডিওটি আশুলিয়া থানার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ভিডিওতে উপস্থিত সাভার ডিবি পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তার উপস্থিতি রয়েছে বলেও জানা গেছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে আশুলিয়া থানার সামনে গিয়ে ঘটনাস্থলের ভিডিওর সঙ্গে সামঞ্জস্যতা পাওয়া গেছে। তবে এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কোনো মন্তব্য করতে রাজি না হলেও ভিডিওর স্থানটি আশুলিয়া থানার সামনে বলে নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৩০ আগস্ট) সারা দিন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে ঢেকে দেওয়া হচ্ছে। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। এ সময় দুই পুলিশ সদস্যের চেহারা দেখা গেছে।

ভিডিওর এক মিনিট ছয় সেকেন্ডের মাথায় একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় যুবলীগের ধামসোনা ইউনিয়ন সভাপতি ও ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে।

আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায়, আশুলিয়া প্রেস ক্লাবের পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় ডান পাশের দেয়ালটি হুবহু ভিডিওর সঙ্গে মিলে যায়। ভিডিওতে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের ছবি সংবলিত আবুল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার দেখা গেছে। যা ঘটনাস্থলে গিয়েও একই পোস্টার ঘটনাস্থল আশুলিয়া থানাকে নিশ্চিত করে।

আবুল হোসেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী। তবে থানার সামনে একটি আবাসিক ভবনের একাধিক ভাড়াটিয়ার সঙ্গে কথা বললেও ভিডিওটির ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। যদিও স্থানীয়দের অনেকেই ভিডিওর স্থানটি আশুলিয়া থানা এলাকার বলে জানিয়েছেন।

এ ছাড়া ভিডিওতে দেখতে পাওয়া এক পুলিশ সদস্য ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

আশুলিয়া থানার সামনে স্থানীয় দোকানদারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৫ আগস্ট সকাল থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় জড়ো হতে থাকে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারীরা। শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে আন্দোলনকারীরা থানার চারপাশ ঘিরে ফেলে। এ সময় পুলিশ মসজিদের মাইক ও হ্যান্ডমাইক দিয়ে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরেও আন্দোলনকারী থানার দিকে অগ্রসর হতে থাকে। এ সময় পুলিশ গুলি চালাতে থাকে। তখন তারা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। 

এ বিষয়ে আশুলিয়া থানার একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ কথা বলতে রাজি হননি। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, বিকেল ৪টার দিকে আশুলিয়া থানায় হামলার চেষ্টা করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। বিকেল পৌনে ৪টা পর্যন্ত ঘটনাস্থলে থাকার পর আমি চলে গেছি। এরপর শুনেছি থানার সামনে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। থানায় লুটপাট ও বেশকিছু পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তখন একটি গাড়িতে বেশ কিছু লাশও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পরে জানতে পেরেছি।

এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. আরাফাতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈন বলেন, ‘আজ সকালে ভিডিওটি আমি দেখেছি। এটি অ্যানালাইসিস করা হচ্ছে। আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, কোনো তথ্য কিংবা সূত্র পেলে আমাদের সহযোগিতা করার অনুরোধ করছি।’

ইমতিয়াজ উল ইসলাম/জোবাইদা/অমিয়/

দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশংকা রয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের আট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। 

এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার (১০ জুলাই) রাত ৯টা থেকে থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন দেশজুড়ে দাপটে থাকতে পারে বৃষ্টি। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

অন্তরা/

বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায়

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:০৩ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১০:০৪ এএম
বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায়
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষ কয়েকটি অবস্থানে থাকে ঢাকা। তবে টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে শনিবার (১১ জুলাই) সকালেও সেই তালিকার শীর্ষে নেই রাজধানী। বরং সকাল ১০টায় ঢাকার অবস্থান রয়েছে ১৩তম।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৮। এ স্কোর অনুযায়ী রাজধানীর বাতাসের মান মাঝারি পর্যায়ে রয়েছে।

একই সময়ে ২০৬ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে টানা বৃষ্টিপাত বাতাসে ভাসমান ধুলাবালি ও অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম২.৫) ধুয়ে ফেলতে সাহায্য করে। ফলে বায়ুদূষণের মাত্রা সাময়িকভাবে কমে আসে। গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজধানীর বায়ুর মানও আগের তুলনায় উন্নত রয়েছে।

একিউআই সূচকে ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

অন্তরা/

গোরানের বাসা থেকে লালমাটিয়া কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:০১ এএম
গোরানের বাসা থেকে লালমাটিয়া কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: এআই

রাজধানীর খিলগাঁও থানা এলাকার দক্ষিণ গোরানের একটি বাসা থেকে লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার মারিয়ার (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মারিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নয়নাবাদ পোস্টের হাতকান্দা নয়াপাড়া গ্রামের মো. মহসিনের মেয়ে।

মারিয়ার ভাই মো. চাঁন মিয়া বলেন, ‘আমার বোন দক্ষিণ গোরান আলিয়া মাদরাসা স্কুলের পাশে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করত। প্রায় আট মাস হলো তার বিয়ে হয়েছে। আমার মা আজ সন্ধ্যা থেকে আমার বোনকে অনেকবার কল দেওয়ার পরেও কোনো যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে আমার বোনের স্বামী সাইফুলকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে সাইফুল বলে, বাসায় গিয়ে আপনার মেয়েকে দেখে আসেন। 

পরবর্তীতে আমরা সাইফুলের বাসায় গিয়ে দেখি বাসার কিচেন সংলগ্ন বারান্দার ফ্লোরে মারিয়া অচেতন অবস্থায় পড়ে আছে। মারিয়ার গলায় একটি দাগও দেখতে পাই আমরা। এরপরে আমরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতায় রাত সাড়ে ৮টার দিকে মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে এখানকার কর্তব্যরত চিকিৎসক ১১টা ৩৫ মিনিটে দিকে তাকে মৃত বলে ঘোষণা করে।’

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মারিয়ার স্বামী সাইফুলকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

অমিয়/

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২২ পিএম
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
খবরের কাগজ গ্রাফিকস

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, ভাষণ বা বিবৃতি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) সরকারের এক তথ্য বিবরণীতে দেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর স্পষ্ট আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

এমতাবস্থায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সরকার আশা প্রকাশ করেছে যে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ নাগরিকবৃন্দ দেশের প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

এসএন/

বন্যা মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:০৮ পিএম
বন্যা মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন
ছবি:সংগৃহীত

টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতটি উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ায় এবং জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১০জুলাই), ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় থেকে দুর্গত এলাকায় একযোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছেন সেনাসদস্যরা।

​আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামের জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত উপজেলাগুলোতে সেনা মোতায়েন করেছে।

​খোঁজ নিয়ে জানা গেছে, ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে দক্ষিণ ও উত্তর চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি ডিভিশন ভাগ হয়ে দায়িত্ব পালন করছে।

এরমধ্যে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। এসব এলাকায় প্রায় ৪ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে বুক সমান পানিতে।

১০ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা স্পিডবোট ও প্রয়োজনীয় উদ্ধারকারী সরঞ্জাম নিয়ে প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন।

এছাড়া বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় মাঠে নেমেছে ২৪ পদাতিক ডিভিশন। এই অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে ৩টি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সেনাসদস্যরা দুর্গত এলাকায় শুধু উদ্ধার অভিযানই চালাচ্ছেন না, পাশাপাশি বানভাসি মানুষের মুখে খাবার তুলে দিতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন। দুর্গত এলাকাগুলোতে রান্না করা খাবার, শুকনা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে। এছাড়া চাল, ডাল, তেল ও আলুর মতো নিত্যপ্রয়োজনীয় শুকনা রেশনের প্যাকেট ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

​বন্যার পানির পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক বন্ধ হয়ে পড়েছিল। সেনাসদস্যরা ভারী যন্ত্রপাতির সাহায্যে রাস্তা থেকে মাটি ও উপড়ে পড়া গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা চালাচ্ছেন।

​স্থানীয় প্রশাসন ও বানভাসি মানুষেরা জানিয়েছেন, হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় অনেকেই ঘরবাড়ির আসবাবপত্র বা গবাদিপশু সরানোর সুযোগ পাননি। এমন চরম সংকটে সেনাবাহিনীর উপস্থিতি দুর্গত এলাকার মানুষের মাঝে স্বস্তি ও মনোবল ফিরিয়ে এনেছে।

​আইএসপিআর জানিয়েছে, দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত।

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই উদ্ধার অভিযান ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ায় এবং জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। ‘ইন এইড টু সিভিল পাওয়ার।’-এর আওতায় সকাল থেকে দুর্গত এলাকায় একযোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছেন সেনাসদস্যরা।

আবদুস সাত্তার/এএফ