তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি জনগণ এখন দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় জামায়াতের পক্ষ থেকে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে চট্টগ্রামে আসেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানাচ্ছি এবং সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। এখন সময় এসেছে সেই প্রতিশ্রুতি রক্ষা করার।’
তিনি আরও বলেন, এটি একটি বিশাল প্রকল্প এবং স্বাভাবিকভাবেই এতে কিছুটা সময় লাগবে। তবে সরকারের কাজের মধ্যে যদি আন্তরিকতা থাকে, তবে তার অগ্রগতি জনগণের সামনে স্পষ্ট হওয়া উচিত। দেশের মানুষ এখন কাজের প্রমাণ চায়।
চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই পুরো নগরী পানিতে তলিয়ে যায়। ড্রেন ও নালা উপচে পড়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। এ সমস্যা দূর করার দায়িত্ব সরকারের।
তিনি উল্লেখ করেন, জনগণের যে কোনো সংকট সরকারের সামনে তুলে ধরা রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রধান দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় সেই দায়িত্ব পালন করে আসছে এবং নিজেদের সাধ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে।
থিওটোনিয়াস/