বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের মাইকেল অলিভার।
শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।
স্পেন ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে। ২০১০ সালে দলটি প্রথম বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল। এরপর ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় স্পেনকে, আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তাদের যাত্রা শেষ হয় শেষ ষোলোতেই। এবার পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লা রোজারা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বেলজিয়াম। শেষ ষোলোর ম্যাচে চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর একটি করে গোলে জয় পেয়ে শেষ আটে উঠে আসে রেড ডেভিলস।
এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে তিনি ২০২২ বিশ্বকাপে তিনটি ম্যাচ পরিচালনা করেছিলেন। আর চলতি বিশ্বকাপে এটি হবে তার চতুর্থ ম্যাচ। এর আগে তিনি দুটি গ্রুপপর্বের ম্যাচ এবং একটি শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছেন।
এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৮১৩টি ম্যাচ পরিচালনা করেছেন অলিভার। এসব ম্যাচে তিনি মোট দুই হাজার ৬৬৩টি হলুদ কার্ড দেখিয়েছেন, যা ম্যাচপ্রতি গড়ে ৩.২৭টি। এ ছাড়া তিনি ১১৮টি লাল কার্ড দেখিয়েছেন, যা ম্যাচপ্রতি গড়ে ০.১৪টি।
নিজের ক্যারিয়ারে তিনি দুটি এফএ কাপ ফাইনাল পরিচালনা করেছেন। এছাড়া ২০২২-২৩ মৌসুমের উয়েফা সুপার কাপেরও রেফারি ছিলেন তিনি।
স্পেন বনাম বেলজিয়াম ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা-
রেফারি: মাইকেল অলিভার
সহকারী রেফারি ১: স্টুয়ার্ট বার্ট
সহকারী রেফারি ২: জেমস মেইনওয়ারিং
চতুর্থ কর্মকর্তা: রামন আবাত্তি
রিজার্ভ সহকারী রেফারি: রাফায়েল আলভেস
এসজি/