ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফু কুওকের কাছে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই) এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় দেশটির সংবাদমাধ্যম ভিয়েতনাম এক্সপ্রেস।
প্রতিবেদন অনুযায়ী, এ দুর্ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নাবিক এবং একজন পরিচারকসহ মোট ৩৬ জন আরোহী ছিলেন।
ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, তারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় হো চি মিন সিটি ও হ্যানয়ে জরুরি যোগাযোগ কেন্দ্র স্থাপন করেছে।
এক বিবৃতিতে দূতাবাস জানায়, স্থানীয় কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান থাকায় ঘটনাটির সঠিক বিবরণ এখনও যাচাই করা হচ্ছে।
বিবৃতিতে ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হন মে রুট দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে যাওয়ার পথে নৌকাটি উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে সমুদ্রে উল্টে যায়। এ সময় ওই এলাকায় সমুদ্র উত্তাল ছিল।
ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুওক দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটি বিপুলসংখ্যক ভারতীয় পর্যটককে আকর্ষণ করছে। সূত্র: রয়টার্স
অমিয়/