বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। আর এই ম্যাচটি পরিচালনা করবেন পর্তুগালের রেফারি জোয়াও পিনহেইরো।
রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
শেষ ষোলোতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ‘বিতর্কিত’ সেই ম্যাচে দলটির হয়ে গোল করেন ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে সুইজারল্যান্ড। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালের পর এবারই প্রথম তারা বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে।
৩৮ বছর বয়সী জোয়াও পিনহেইরোর প্রথম বিশ্বকাপ এটি। এর আগে তিনি এই আসরে একটি গ্রুপপর্বের ম্যাচ এবং একটি শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছেন।
এ পর্যন্ত ক্যারিয়ারে ৪৪২টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন পিনহেইরো। এসব ম্যাচে তিনি দেখিয়েছেন এক হাজার ৯৮৫টি হলুদ কার্ড (প্রতি ম্যাচে গড়ে ৪.৪৯টি) এবং ৮৪টি লাল কার্ড (প্রতি ম্যাচে গড়ে ০.১৯টি)।
২০২৫-২৬ মৌসুমে টটেনহ্যাম হটস্পার ও পিএসজির মধ্যকার উয়েফা সুপার কাপের ফাইনালও পরিচালনা করেন তিনি। এছাড়া বায়ার্ন মিউনিখ ও পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালেরও রেফারি ছিলেন। ওই ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছিলেন বায়ার্নের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রিসেন। তিনি পিনহেইরোর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন।
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা-
রেফারি: জোয়াও পিনহেইরো (পর্তুগাল)
সহকারী রেফারি ১: ব্রুনো জেসুস
সহকারী রেফারি ২: লুসিয়ানো মাইয়া
চতুর্থ কর্মকর্তা: ড্রু ফিশার
রিজার্ভ সহকারী রেফারি: মাইকেল বারওয়েগেন
এসজি/