চলমান ২০২৬ বিশ্বকাপে পেনাল্টি কিক থেকে লিওনেল মেসির সাম্প্রতিক ছন্দহীনতা ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। তবে অধিনায়কের প্রতি পূর্ণ আস্থা রেখেছে আর্জেন্টিনা শিবির। আলবিসেলেস্তেদের হয়ে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত-এ কথা স্পষ্ট করে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘প্রথম কথা হলো, লিও যদি নিতে চায়, তাহলে সেই পেনাল্টি নেবে। আমাদের দলে আরও দক্ষ পেনাল্টি শুটার আছে, কিন্তু ও নিজে দায়িত্ব নিতে চাইলে সেটাই হবে।’
চলমান আসরে নেওয়া দুটি পেনাল্টিই কাজে লাগাতে পারেননি মেসি। ২০২২ বিশ্বকাপ থেকে হিসাব করলে আর্জেন্টিনার হয়ে নেওয়া শেষ সাতটি পেনাল্টির মধ্যে মাত্র চারটিতে গোল করেছেন তিনি। তবু স্কালোনির বিশ্বাস বর্তমান টুর্নামেন্টে মেসির দুর্দান্ত পারফরম্যান্স বিবেচনায় পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত তার নিজের ওপরই ছেড়ে দেওয়া উচিত।
মেসির মাঠে অবস্থান পরিবর্তন এবং স্বাধীনভাবে খেলার বিষয়েও সন্তুষ্ট আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘সত্যি বলতে, ইদানীং ও মাঝমাঠে বেশি খেলছে। তবে আমাদের পুরো দলই ওকে কেন্দ্র করে খেলে। এটা খুবই স্বাভাবিক এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এমনটা ঘটে।’
মিসরের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচের উদাহরণ টেনে স্কালোনি বলেন, শেষ দিকে ডান প্রান্তে সরে গিয়ে মেসি যেভাবে আক্রমণ গড়ে তুলেছিলেন এবং সতীর্থদের উদ্দেশে নিখুঁত পাস বাড়িয়েছিলেন, তা দলের জন্য কার্যকর ভূমিকা রেখেছে।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৪১০ মিনিট মাঠে নেমে ৮ গোল, ১ অ্যাসিস্ট এবং ১৫টি গোলের সুযোগ তৈরি করেছেন মেসি। পেনাল্টিতে কিছুটা ব্যর্থতা থাকলেও সামগ্রিক পারফরম্যান্সে তিনিই দলের সবচেয়ে বড় ভরসা।
পাপ্পুু/অন্তরা/