ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা শত বছরের অমলিন কীর্তি তাজহাট জমিদারবাড়ি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ময়মনসিংহে লালনের গানে শেকড়ের সংস্কৃতি তুলে ধরল ‘ভাব তরঙ্গ’ নীলাম্বরী সাজে লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা কোয়ার্টারের আগে রক্ষণে সতর্ক আর্জেন্টিনা জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফিফা বিক্রি করছে, আপনি কিনবেন বিশ্বকাপ ফাইনাল ভেন্যুর মাঠের ঘাস? প্রধানমন্ত্রীর দেশপ্রেম দেখে অনেকেই অপপ্রচারে লিপ্ত: এমপি খোকন কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ খুলনায় নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার, দুই বার পালিয়ে বিয়ে করায় হত্যা! মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি ১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক মাগুরার সেতু ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ সেন্টমার্টিনে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, লোকালয়ে কমছে বন্যার পানি পেনাল্টিতে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত: স্কালোনি বীরগঞ্জে ধানের চারা রোপণ করে শিশুদের নীরব প্রতিবাদ জ্বালানি সংকটে কিউবাজুড়ে লোডশেডিং ভোমরা স্থলবন্দরে বিজিবির অভিযানে ডায়মন্ডের নাকফুলসহ ২ ভারতীয় আটক ফ্রান্সকে হারাতে আমরা প্রস্তুত: স্প্যানিশ কোচ ঢামেকের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী টাঙ্গাইল মেডিকেলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাধবদী পৌরসভার নিখোঁজ গাড়ি উদ্ধার জাপানের দক্ষিণাঞ্চলে টাইফুন বাভির আঘাত বেলকুচিতে পানির পাম্পে আবারও পাওয়া গেল গ্যাসসদৃশ পদার্থ

টাঙ্গাইল মেডিকেলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:১৮ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:০২ পিএম
টাঙ্গাইল মেডিকেলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ছবিঃ খবরের কাগজ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ জুলাই) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। 

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু , টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, চিকিৎসক এবং স্থানীয় নেতারা। 

সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট দূরীকরণ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল জেলার মানুষ যাতে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। হাসপাতালের জনবল সংকট দ্রুত নিরসনের চেষ্টা করা হবে। 

তবে নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

টুকু বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত মানবিক ও দায়িত্বপূর্ণ। মানুষ অসুস্থ হলেই সর্বপ্রথম হাসপাতালের শরণাপন্ন হয়। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সীমিত জনবল থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জুয়েল রানা/অদিতি/

গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার ধান মহালে ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। 

প্রতিযোগিতায় রাইসা তাজরিয়ান প্রথম, মারিয়াম দ্বিতীয় এবং হোমায়রা তাসনিম হিমি তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার এবং অনুষ্ঠানের প্রধান বক্তা সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার শামীম খান (ইসলামী ব্যাংক) ও সহকারী শিক্ষক আ. হামিদসহ ক্লাবের সদস্য, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলাই ক্লাবের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা, যুক্তিবাদী মনোভাব এবং গবেষণার আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তারা জানান, ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে বিজ্ঞানভিত্তিক কুইজ, বিজ্ঞান মেলা, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এবং প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে একটি ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রায়হান উদ্দিন সরকার/অন্তরা/

কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের বরইতলা এলাকার একটি বাসায় গ্যাসলাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। 

শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। 

তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত।

তাদের সঙ্গে থাকা সহকর্মী সজীব জানান, রাতে কেরানীগঞ্জের বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাসলাইনের কাজ করছিলেন তারা। কাজের একপর্যায়ে পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রাকিব, রাজন ও সুমন দগ্ধ হন। পরে অন্য সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহত রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। অপর দুই শ্রমিক রাজন ও সুমনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তবে তাদের শরীরে ড্রেসিং চলমান থাকায় এ মুহূর্তে দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও তিনজনের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 তিনি জানান, আহতদের কাছ থেকে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

এএফ/ 

মাগুরার সেতু ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:২১ পিএম
মাগুরার সেতু ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ
ছবি: খবরের কাগজ

অতিবৃষ্টি ও প্রবল পানির স্রোতে মাগুরার শালিখা উপজেলার গোবরা গ্রামে খালের ওপর নির্মিত একটি সেতু ধসে পড়েছে। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবা রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে খালের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

শুক্রবার (১০ জুলাই) স্রোত ও পানির চাপে সেতুটির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে সেটি ধসে পড়ে। এর ফলে গোবরা গ্রামের সঙ্গে আশপাশের এলাকার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। তবে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নেওয়ায় টানা বর্ষণে পানির চাপে শেষ পর্যন্ত সেতুটি ধসে পড়ে। তারা দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ীভাবে নতুন একটি সেতু নির্মাণের দাবি জানান।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ধসেপড়া সেতুটি পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নতুন করে সেতু নির্মাণের বিষয়ে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাসেমুর রহমান/তামান্না রুপা/

সেন্টমার্টিনে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
সেন্টমার্টিনে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ
ছবিঃ খবরের কাগজ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে টানা এক সপ্তাহের প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে বিপাকে পড়েছেন দ্বীপবাসী। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্টগার্ড।

শুক্রবার (১০ জুলাই) কোস্টগার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ, বৈরী আবহাওয়া ও বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে মানবিক সহায়তা করে আসছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া বাহিনীর অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, চলমান বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিনের নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় দ্বীপের অনেক পরিবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহে সমস্যার মুখে পড়ে। তাদের দুর্ভোগ লাঘবে কোস্ট গার্ডের উদ্যোগে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলবে।

শাহীন/অদিতি/

সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, লোকালয়ে কমছে বন্যার পানি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, লোকালয়ে কমছে বন্যার পানি
ছবিঃখবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাঙ্গুর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও লোকালয়ে বন্যার পানি কমতে শুরু করেছে। একই সঙ্গে ডলু নদীর আশেপাশের এলাকাগুলোর বন্যা পরিস্থিতিও উন্নতি হতে শুরু করেছে। 

শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও উপজেলার বিভিন্ন খালের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। 

বৃহস্পতিবার সাঙ্গু ও ডলু নদীর পানি বেড়ে সাতকানিয়া পৌরসভা এলাকা ও উপজেলার বাজালিয়া, ছদাহা, সোনাকানিয়া, আমিলাইষ, কাঞ্চনা ও কেঁওচিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

এ ছাড়াও অসংখ্য ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে অনেক পরিবার আশ্রয়কেন্দ্র এবং আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়।

শুক্রবার সকাল থেকে লোকালয় থেকে বন্যার পানি কমতে থাকায় বিভিন্ন এলাকার মানুষ ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে নেমেছেন। তবে নিচু এলাকাগুলোতে এখনও জলাবদ্ধতা রয়েছে। 

সাতকানিয়া পৌরসভার বাসিন্দা তুষার রুদ্র বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানি কমতে শুরু করেছে। মূলত ডলু নদীর বিভিন্ন অংশে ভাঙনের ফলে প্রতিটি ওয়ার্ডে পানি ঢুকে পড়ে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। তবে এখন পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের পর থেকে আমাদের গ্রামের অধিকাংশ ঘরবাড়ি থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। আর বৃষ্টিপাত না হলে আগামীকাল সকালের মধ্যে পানি পুরোপুরি নেমে যাবে।

একই এলাকার খায়ের আহমদ বলেন, গতকালের তুলনায় পানি কিছুটা কমেছে। বিভিন্ন ব্যবসায়ী ও প্রবাসীদের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এগুলোর পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে পাঠানো শুকনো খাবারের প্যাকেট পেয়েছি।

ছদাহা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মাসুম বলেন, পানি কমার সঙ্গে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। দস্তিদারহাট থেকে ফকিরহাট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ভেঙে পানিতে তলিয়ে গেছে। তবে বৃষ্টিপাত শুরু হলে পুনরায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

পানি বিজ্ঞান উপ-বিভাগ চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান হাসান বলেন, সাঙ্গু নদীর দোহাজারী পয়েন্টের বিপৎসীমা ৬.৫৫ মিটার। শুক্রবার সকাল ৬টায় ৬.৮২ মিটার, ৯টায় ৬.৭৮ মিটার, বেলা ১২টায় ৬.৭২ মিটার এবং বিকাল ৩টায় ৬.৬৮ সীমা বরাবর পানি প্রবাহিত হচ্ছে। এসব তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ক্রমেই পানির স্তর কমছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। পানি পুরোপুরি নেমে গেলে পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে।

আরিফুল ইসলাম/হীরা