ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী নামক এলাকায় উল্টে থাকা ডিমবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত পাঁচজনের পরিচয় মিলেছে।
শনিবার (১১ জুলাই) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেক (৪০), জয়নাল মিয়া (২৪), জালাল খাঁ (৩৫) ও হাফিজুর (৫০)।
নিহতরা সবাই ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার বাসিন্দা।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, 'পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।'
এনকেবি নয়ন/তামান্না রুপা/