রবিবার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
এ সংক্রান্ত এক বিশেষ বুলেটিনে বলা হয়, ‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রবিবার সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পরবর্তী চারদিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ ও ১৫ জুলাই সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা অধিকাংশ দিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এএফ/