রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশ থেকে একজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকালে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
জানা যায়, আজ সকাল পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের পেছনে ফুটপাতে আনুমানিক ৩৫ বছর বয়সি এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডমাস্টার আইয়ুব আলী সংবাদমাধ্যমকে জানান, যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
অন্যদিকে বেলা ১১টার দিকে অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে তারা অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদের বয়স আনুমানিক ৫০ ও ৬০ বছর হবে।
তিনি বলেন, ‘ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা তাদের নাম-পরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানতে সিআইডির ক্রাইমকে খবর দেওয়া হয়েছে।’
অমিয়/