নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার ও প্রবেশপত্র হারিয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই পরীক্ষার্থী।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, জান্নাতুল নাঈমা (১৯) ও ফাহিমা আক্তার শশী (১৯)। তারা নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তাদের কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।
পরিবারের সদস্যরা জানান, নাঈমা ও ফাহিমা বান্ধবী। সকালে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য সোনাপুরগামী একটি অটোরিকশায় ওঠেন তারা। অটোরিকশাটি মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে স্বর্ণালংকার এবং পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
অটোরিকশাচালক দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রেখে চলে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। এ ঘটনায় তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম খবরের কাগজকে বলেন, পরীক্ষার্থীদের স্বজনরা আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানাননি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন/থিওটোনিয়াস/