২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। নরওয়েকে হারানোর পর দেশটির প্রধানমন্ত্রীকে রসিকতাপূর্ণ বার্তায় খোঁচা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
কোয়ার্টার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইংল্যান্ড। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।
নির্ধারিত সময়ে সমতায় ফেরানোর পর অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন বেলিংহাম। এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোরেকে ট্যাগ করে স্যার কিয়ার স্টারমার লেখেন, ‘নরওয়ে ১-২ জুড বেলিংহাম। আপনার ছেলেরা আজ দারুণ লড়াই করেছে।’
স্টারমারের এই রসিক মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক ফুটবলপ্রেমী তার কৌতুকপূর্ণ বার্তাকে ইংল্যান্ডের জয়ের আনন্দ উদযাপনের ভিন্নধর্মী উপায় হিসেবে দেখেছেন।
পাপ্পু/এএফ