কক্সবাজারে মেহমানের জন্য রান্না করার সময় পাহাড়ধসে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই) সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাতলী ঝিরঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে।
রোজিনা আক্তার (৩২) ওই এলাকার মুজিবুর রহমানের স্ত্রী।
তিনি জানান, শনিবার রাতে বেড়াতে আসা মেহমানের জন্য খাবার রান্না করছিলেন রোজিনা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। শব্দ শুনে অতিথিরা রান্নাঘরের দিকে গিয়ে দেখেন, পাহাড় ধসে রান্নাঘরটি চাপা পড়ে গেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর উদ্ধারকারীরা রোজিনা আক্তারের দেহ মাটির নিচ থেকে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম জানান, দীর্ঘসময় মাটির নিচে চাপা পড়ে থাকায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
গত ৪ জুলাই থেকে টানা বৃষ্টিপাতে কক্সবাজারে পাহাড়ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে রোহিঙ্গাসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
তারেকুর রহমান/আজহার/