যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত গুগলের সিনিয়র টেকনোলজি এক্সিকিউটিভ শীতল রেসিয়েন (৫৭) গুলি করে হত্যা করেছেন তার স্বামী কার্ক বি রেসিয়েন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তাদের ২৩ বছর বয়সী ছেলেও।
মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে জর্জিয়ার স্মির্না শহরের এ ঘটনা ঘটে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় শীতল রেসিয়েনকে উদ্ধার করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শীতল রেসিয়েন গুগলে কর্মরত ছিলেন।
নিহতের ছেলে (২৩) জেসন রেসিয়েনকে বাড়ির বাইরে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকারীরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
স্ত্রীকে হত্যার অভিযোগে নিহতের স্বামী কার্ক বি রেসিয়েনকে (৫৬) মঙ্গলবার রাতেই আটলান্টার নিকটবর্তী কব কাউন্টির পারিবারিক বাসস্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তাকে কোনো জামিন ছাড়াই কব কাউন্টি অ্যাডাল্ট ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে।
কব কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে জানানো হয়, কার্ক রেসিয়েনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাটিকে স্পষ্ট পারিবারিক সহিংসতা বলে উল্লেখ করেছে। তবে কী কারণে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
খাদিজা রুমি/অমিয়/