ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম? বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড বিয়েতে কুফুর গুরুত্ব টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতির মৃত্যু এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা জবির বাসে ভেঙে পড়ল গাছ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে? সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার পঞ্চগড়ে নেওয়া হচ্ছে না ব্যারিস্টার জমির উদ্দিনের মরদেহ ভারতে আবার কোভিডের হানা, ২ জনের মৃত্যু যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখল চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি শীর্ষক প্রশিক্ষণ ৮৩ সদস্য ও ৬ প্রজন্ম, এক অনন্য যৌথ পরিবার প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী আর্জেন্টিনা ভুগতে জানে: আলভারেজ দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি ৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত সংসদের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা পাহাড়ের পাদদেশে আর বসতি নয়, পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে স্বাতী গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এবং দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইজারল্যান্ড কোচ নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে ২ এইচএসসি পরীক্ষার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক তরুণদের নেতৃত্বেই এগিয়ে যাবে বাংলাদেশ: হাসনাত

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:১১ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় সহকারী শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা করেন।

রবিবার (১২ জুলাই) দুপুরে গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরজ্জামান।

এর আগে গ্রেপ্তার ও মামলার বিষয় নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এসএসসি-২০২৬ পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. বাচ্চু মিয়া নিজে মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি ঘটনার বিষয়ে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা করা হয়েছে। মামলার পর গতকাল (১১ জুলাই) রাতেই অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণ ও স্থানীয়রা জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বাচ্চু মিয়াকে। তার তত্ত্বাবধানে থাকা বিজ্ঞান বিষয়ের ওই উত্তরপত্র তিনি নিজে মূল্যায়ন না করে নিজ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন (মার্কিং) করান। মঙ্গলবার (২৩ জুন) এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

ওই ভিডিওতে দেখা যায়, দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে শিক্ষক বাচ্চু মিয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষার খাতা মূল্যায়ন করাচ্ছেন। ধারণ করা ওই ভিডিওতে ওই ছাত্রের এক বন্ধুকে বলতে শোনা যায়, ‘বাচ্চু স্যার তোকে দিয়ে বোর্ডের খাতা মার্কিং করায়, ভালো করে দেখ।’ জবাবে ওই শিক্ষার্থী বলে, ‘এটা একটি ছেলের লাইফ। আমি যে নম্বর দিই, তা বাচ্চু স্যারও জীবনেও দিত না।’

এ ঘটনার পর পর স্থানীয় শরিফুল ইসলাম ও আলী আহাম্মদ বিষয়টি নিয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি অভিযোগপত্র জমা দেন।

আব্দুল্লাহপুরের স্থানীয় বাসিন্দা মো. শরিফুল ইসলাম বলেন, কতগুলো ছাত্রের লাইফ নিয়ে খেলেছেন বাচ্চু মিয়া স্যার। তিনি এসএসসি পরীক্ষার খাতা কিভাবে একজন দশম শ্রেণির শিক্ষার্থী দিয়ে মূল্যায়ন করান? এই ঘটনার তদন্ত চেয়ে আমরা কয়েকজন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিই। ঘটনার সত্যতা পেয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।

জহির শান্ত/খাদিজা রুমি/

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা
বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি: খবরের কাগজ

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে চরফ্যাশন থানায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। রবিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। শনিবার অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার এমসিকিউ পর্ব শেষে কেন্দ্রের ৩০৪ নম্বর কক্ষের কিছু পরীক্ষার্থী অভিযোগ করেন, প্রশ্ন তাদের কমন পড়েনি। পরে তারা নকলের চেষ্টা করলে দায়িত্বরত শিক্ষকরা কঠোরভাবে তা প্রতিহত করেন। একপর্যায়ে পরীক্ষার্থীদের একটি অংশ নকলের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করে।

অভিযোগ রয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর ১টা ৫ মিনিটের দিকে একদল বিক্ষুব্ধ পরীক্ষার্থী কলেজের পকেট গেট ভেঙে কেন্দ্রে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা কয়েকটি শ্রেণীকক্ষ ভাঙচুর করে এবং পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

এ ঘটনায় কলেজের গভর্নিং বডির সভাপতিসহ পরীক্ষাকক্ষে দায়িত্ব পালনকারী সাতজন শিক্ষক আহত হন। একই সঙ্গে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্টদের অবরুদ্ধ করার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, হামলা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ঘটনায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাদী হয়ে শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ইমতিয়াজুর রহমান/আজহার/

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে বাহিনীটি।

রবিবার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩–সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান টহল সদস্যরা। তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন।

এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও গতিরোধের উদ্দেশে গুলি ছোড়েন। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি। বাহিনীটির দাবি, গুলির ঘটনায় কেউ আহত হননি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নাজমুল শাহাদাৎ/আজহার/

দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখল চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখল চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প
ছবি: খবরের কাগজ

চাঁদপুরে দীর্ঘ আট বছরের প্রশাসনিক জটিলতা ও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার ধীরগতি কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ প্রকল্প।

রবিবার (১২ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় প্রকল্পের অবকাঠামো উন্নয়ন কাজের প্রথম ধাপের উদ্বোধন করা হয়।

স্থানীয়দের মতে, ২০১৮ সালে অনুমোদনের পর নানা প্রশাসনিক জটিলতা, ভূমি অধিগ্রহণে বিলম্ব এবং দাপ্তরিক প্রক্রিয়ার কারণে প্রকল্পটির বাস্তবায়ন দীর্ঘদিন অগ্রসর হয়নি। ফলে জেলার মানুষ একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের গতি পাওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পরিশোধ শুরু হলে পর্যায়ক্রমে হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের মূল নির্মাণকাজ শুরু হবে।

১২ জুলাই সকালে প্রকল্পের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই প্রকল্পটি বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগের ফলে দীর্ঘদিন স্থবির থাকা প্রকল্পটি বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।

জমি অধিগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হবে, তারা আইন অনুযায়ী শতভাগ ক্ষতিপূরণ পাবেন। এ প্রক্রিয়ায় কোনো দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য আরও বলেন, চাঁদপুরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার পাশাপাশি আশপাশের একাধিক জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে রাজধানীমুখী রোগীর চাপও অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. হারুন-অর-রশিদ।

তিনি জানান, ইসলামপুর গাছতলা মৌজায় প্রায় ৩০ দশমিক ২ একর জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়ার অধিকাংশই সম্পন্ন হয়েছে। বর্তমানে জমির মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী তিন মাসের মধ্যে ক্ষতিপূরণের অর্থ বিতরণ শুরু করা সম্ভব হবে। এরপর পর্যায়ক্রমে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ এবং অন্যান্য অবকাঠামোর নির্মাণকাজ শুরু হবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন, ড্যাব জেলা সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্য দেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্যাব চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আহমেদ কাজল।

ফয়েজ/খাদিজা রুমি/

দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) রাতে পূর্ব হাসানপুর ও সুখীপুর এলাকা থেকে মো. জাহিদ (২৬) ও মো. সুজন মিয়ার (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে মো. সুজন মিয়া (৩৬) নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়। পরে তাকে ঘরের সিলিংয়ে ঝুলে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

মৃত ব্যক্তির মা খোদেজা বেগম খবরের কাগজকে বলেন, আমার ছেলে মাদকাসক্ত ছিল। তার স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায়, সে মানসিক রোগে ভুগছিলেন।

একই রাতে ব্যাটারিচালিত রিকশাচালক মো. জাহিদ গ্যারেজে তার রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

লিটন সরকার/থিওটোনিয়াস/

নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে ২ এইচএসসি পরীক্ষার্থী

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম
নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে ২ এইচএসসি পরীক্ষার্থী
ছবি: খবরের কাগজ

নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার ও প্রবেশপত্র হারিয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই পরীক্ষার্থী।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, জান্নাতুল নাঈমা (১৯) ও ফাহিমা আক্তার শশী (১৯)। তারা নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তাদের কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।

পরিবারের সদস্যরা জানান, নাঈমা ও ফাহিমা বান্ধবী। সকালে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য সোনাপুরগামী একটি অটোরিকশায় ওঠেন তারা। অটোরিকশাটি মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে স্বর্ণালংকার এবং পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

অটোরিকশাচালক দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রেখে চলে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। এ ঘটনায় তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম খবরের কাগজকে বলেন, পরীক্ষার্থীদের স্বজনরা আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানাননি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন/থিওটোনিয়াস/