ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
জনবল নেবে ব্যাংক এশিয়া এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার খাটের উপর ধসে পড়ল পাহাড়, অল্পে রক্ষা মা-ছেলের লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৯৭ পদ শূন্য, বন্ধ আছে অস্ত্রোপচার গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম? বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড বিয়েতে কুফুর গুরুত্ব টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতির মৃত্যু এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা জবির বাসে ভেঙে পড়ল গাছ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে? সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার পঞ্চগড়ে নেওয়া হচ্ছে না ব্যারিস্টার জমির উদ্দিনের মরদেহ ভারতে আবার কোভিডের হানা, ২ জনের মৃত্যু যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখল চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি শীর্ষক প্রশিক্ষণ ৮৩ সদস্য ও ৬ প্রজন্ম, এক অনন্য যৌথ পরিবার প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী আর্জেন্টিনা ভুগতে জানে: আলভারেজ দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি ৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত

বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। ছবি: খবরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামের বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে তাকে লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ইলিয়াছ প্রামানিক।

রবিবার (১২ জুলাই) তিনি বলেন, যেহেতু তিনি একজন গবেষক, তাই তাকে সতর্ক করা হয়েছে, যাতে তিনি গবেষণা কার্যক্রম থেকে নিরুৎসাহিত না হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) বলেন, বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়েছে। ভবিষ্যতে বিদেশি গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৮ জুন অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা যায়, ২০২৫ সালে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামের যৌথভাবে প্রকাশিত সাতটি গবেষণা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের উচ্চ প্রভাবসম্পন্ন (হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর) জার্নাল থেকে প্রত্যাহার করা হয়।

অধ্যাপক তৌফিকুল ইসলাম জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি এডিটর ও করেসপন্ডিং অথরের মধ্যকার বিষয়। এখানে অন্য অথরদের কোনো ভুল নেই। আমরা শুধু রিভিউ করেছি।’

গবেষণার প্রথম অথর ছিলেন অধ্যাপক তৌফিকুল ইসলামের ছাত্র মেহেদি হাসান এবং দ্বিতীয় অথর ছিলেন অধ্যাপক নিজেই। তৃতীয় ও চতুর্থ অথর হিসেবেও বেরোবির দুই শিক্ষার্থীর নাম রয়েছে। গবেষণাপত্রে অধ্যাপক তৌফিকুল ইসলামের দায়িত্ব হিসেবে মূল ধারণা প্রদান, ড্রাফট প্রস্তুত, পর্যালোচনা, সম্পাদনা ও তত্ত্বাবধানের কথা উল্লেখ করা হয়েছে।

গাজী আজম/থিওটোনিয়াস/

জবির বাসে ভেঙে পড়ল গাছ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
জবির বাসে ভেঙে পড়ল গাছ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে পড়ে। ছবি: খবরের কাগজ

ভারী বৃষ্টি ও বাতাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের উপর পড়েছে। তবে এতে কেউ আহত হয়নি। 

রবিবার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহিদ মিনারের পাশে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাশে থাকা বাসের উপর পড়ে। ঘটনাটি দেখে শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, সকালে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বাসের উপর গাছ ভেঙে পড়ে। তবে এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হতে পারে।

মুজাহিদ বিল্লাহ/তামান্না রুপা/

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব
ছবি: সংগৃহীত।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) এবং অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ (ওএফআর)-এর যৌথ উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাদান বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ সিরিজ বৃহস্পতিবার (৯ জুলাই) শেষ হয়েছে।

সমাপনী সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. নাফিস মনসুর। সমাপনী সেশনে উচ্চশিক্ষায় গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অধ্যাপক ড. নাফিস মনসুর দেখান কীভাবে গবেষণার বিভিন্ন ধাপে এআই একটি কার্যকর রিসার্চ কো-পাইলট হিসেবে কাজ করতে পারে। গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকে গণতান্ত্রিক করেছে। এখন প্রত্যেকেরই একটি গবেষণা সহকারী থাকতে পারে।”

সেশনে অংশগ্রহণকারী শিক্ষকরা এআই গবেষণাপত্রের পর্যালোচনা, গবেষণার ধারণা এবং গবেষণা ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেন। ব্যবহারিক প্রদর্শন ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে এমন সব কৌশল তুলে ধরা হয়েছে, যার সাহায্যে গবেষণার কর্মপ্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়িত্বশীলভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব, পাশাপাশি বজায় রাখা যায় প্রাতিষ্ঠানিক সততা ও সমালোচনামূলক চিন্তাধারা।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণ সিরিজের সমাপ্তির মধ্য দিয়ে শিক্ষক সদস্যদের ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান ও গবেষণা চর্চাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইউল্যাবের অব্যাহত প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটেছে।

টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম
টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: খবরের কাগজ

টানা ছয় দিনের ভারী বর্ষণ, বন্যা পরিস্থিতি এবং যাতায়াতে অনিশ্চয়তা অব্যাহত থাকায় আগামীকালও বন্ধ থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের পরীক্ষা। তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাসসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে যাতায়াতের অনিশ্চয়তা এখনো সম্পূর্ণ দূরীভূত হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১২ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একাডেমিক কার্যক্রম সচল রাখতে ক্লাসসমূহ যথারীতি পরিচালিত হবে।

এদিকে টানা ছয় দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে বন্ধ থাকার পর শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে শিক্ষার্থীদের যাতায়াতে কিছুটা স্বস্তি ফিরেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

আল আরাফ/নাঈম

নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম
নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: বিজ্ঞপ্তি

নতুন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় জীবনে আন্তরিকভাবে স্বাগত জানাতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) “নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।”

শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি একজন মানুষকে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে।”

তিনি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, সংস্কৃতি চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ারঘ আহ্বান জানান।

সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জনাব মো. মাহবুবুল আলম।

তিনি বলেন, “বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা, প্রযুক্তি এবং গণমাধ্যমের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য দেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক গবেষণা এবং দক্ষতা উন্নয়নের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের সমন্বয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক তৈরি হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

তিনি বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; গবেষণা, উদ্ভাবন, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং বাস্তব দক্ষতার সমন্বয় ঘটাতে হবে। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় টিকে থাকতে আজীবন শেখার মানসিকতা গড়ে তোলা জরুরি।”

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট জনাব আশরাফুল হক চৌধুরী।

তিনি বলেন, “শিক্ষা ও শিল্পখাতের সমন্বয়ই দক্ষ মানবসম্পদ গঠনের অন্যতম পূর্বশর্ত। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব জনাব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য জনাব কামরুন নেহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান। তিনি তার সভাপতির বক্তব্যে বলেন, “অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা গবেষণা, উদ্ভাবন এবং নেতৃত্বের মাধ্যমে দেশ ও বিশ্বের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ আনওয়ার, উদযাপন কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব শারমিন আকতার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা ঘটে।

বিজ্ঞপ্তি/

চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম
চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলে রাতে অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ৯ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টার দিকে শহিদ আবু সাইদ হলের ৫২৯ নম্বর কক্ষে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল এ অভিযান চালায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থীদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের দুইজন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের পাঁচজন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুইজন রয়েছেন।

তাদের মধ্যে চারজন শহিদ আবু সাইদ হলের, তিনজন মুক্তিযোদ্ধা হলের, একজন ড. কুদরাত-ই-খুদা হলের এবং একজন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।

শহিদ আবু সাইদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘রাতে শিক্ষার্থীদের একটি সমস্যার ব্যাপারে হলে যাই। পরে একটি কক্ষ সন্দেহজনক মনে হলে সেখানে অভিযান চালানো হয়। কক্ষে থাকা কয়েকজন শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।’

তিনি আরও জানান, ঘটনার পর আটক শিক্ষার্থীদের পরিচয় যাচাই করে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদক ও র‍্যাগিংয়ের মত বিষয়ে কোনো ধরনের ছাড় দেয় না। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আগামী রবিবার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

চুয়েটে মাদক ও র‍্যাগিং-এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে চুয়েট প্রশাসন। এরই অংশ হিসেবে ভবিষ্যতেও নিয়মিত তদারকি ও আকস্মিক অভিযান পরিচালনা করা হবে বলে জানায় প্রশাসন।

ইবাদ হোসেন/এএফ