ভারতের অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাডাপা জেলায় নতুন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহে আটজন আক্রান্ত এবং দুই রোগীর মৃত্যুর পর স্বাস্থ্য কর্তৃপক্ষ নজরদারি ও প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করেছে।
কাডাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর তার কোভিড পজিটিভ আসে। পরে ভেলোরে খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্য একটি ঘটনায়, কাডাপার ৪৩ বছর বয়সী ব্যক্তি বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে তার শরীরে করোনা শনাক্ত হয় এবং পরবর্তীতে কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া, কাডাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক মেডিকেলপড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। নতুন করে আক্রান্তের খবর আসার পর স্বাস্থ্য বিভাগ জেলাটিতে বিশেষ র্যাপিড রেসপন্স টিম মোতায়েন করেছে।
কর্মকর্তারা আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করেছেন, যার মধ্যে ১৮ জনের ফলাফল নেগেটিভ এসেছে এবং বাকিদের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য কর্মকর্তারা সাম্প্রতিক এক জেলা পরিষদ সভায় জানিয়েছেন যে, বর্তমানে জেলাটিতে আটজন সক্রিয় কোভিড রোগী রয়েছেন। ভাইরাসের ভ্যারিয়েন্ট এবং এর সংক্রমণের ধরণ নিশ্চিত হতে নমুনাগুলো জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের একটি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মন্ত্রী সবিতা কাডাপায় সংক্রমণ আরও ছড়িয়ে পড়া রোধ করতে কর্মকর্তাদের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
কাডাপার এই পরিস্থিতির পর অন্ধ্রপ্রদেশ জুড়ে কোভিড সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: এনডিটিভি
তামান্না রুপা/অমিয়/