চট্টগ্রামের আনোয়ারায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণে অতীতে লুটপাটের অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, ‘যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নাই। মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে।’
রবিবার (১২ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের নামে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। তবে চলতি বাজেটে এ খাতে যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তার একটি টাকাও যাতে দুর্নীতি বা লুটপাটের মাধ্যমে অপচয় না হয়, সে বিষয়ে সংসদে জোরালো ভূমিকা রাখবে এনসিপি। বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করে দ্রুত বেড়িবাঁধের কাজ শেষ করার দাবি জানান তিনি।
উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থার সমালোচনা করে নাহিদ বলেন, বছরের পর বছর ধরে বাঁধের সমস্যার কারণে এলাকায় কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে প্রতিবছর সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকরভাবে সফল হতে পারেনি। এ অবস্থায় দোষারোপের চেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই বেশি জরুরি। তিনি দুর্যোগ মোকাবিলায় দল-মত–নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও বাজেট নিয়ে তাঁরা বারবার সংসদে কথা বলেছেন। কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হওয়ার পরও বিষয়টি সংসদে তোলা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগের কথা বললেও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা–কর্মীদের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ করেছেন। সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দলের কেন্দ্রীয় নেতারা আগে থেকেই এলাকায় কাজ করছেন। এসে দেখা গেছে, পাঁচ থেকে সাত দিন ধরে কয়েক শ পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। অথচ স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কাউকে সেখানে দেখা যায়নি। অনেক মানুষ প্রয়োজনীয় ত্রাণও পাননি বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, আনোয়ারার পর বাঁশখালীসহ চট্টগ্রামের অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও এনসিপির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।
ত্রাণ বিতরণকালে স্থানীয়দের উদ্দেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসহ জরুরি যেকোনো প্রয়োজনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক সর্বাত্মক সহযোগিতা করবেন।
এসময় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আতিকুল হা-মীম/এসএন