২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায়ের পর কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া থিয়াওয়ের অধীনে বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হারে সেনেগাল। তবে শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে সেরা তৃতীয় স্থান অধিকারী হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় ‘তেরাঙ্গা লায়ন্স’রা।
সিয়াটলে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি সেনেগাল। নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। পরে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ইউরি টিলেমানসের পেনাল্টি গোলে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি।
এরপর জাতীয় দলের সামগ্রিক পারফরম্যান্সের মূল্যায়ন শেষে কোচ পাপে থিয়াও ও তার পুরো কোচিং স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করে এফএসএফ।
এক বিবৃতিতে সেনেগাল ফুটবল ফেডারেশন জানায়, ‘গত ১১ জুলাই অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় দলের প্রধান কোচ পাপে থিয়াও এবং তার পুরো টেকনিক্যাল স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ফেডারেশন আরও জানায়, ‘বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায়ের পর জাতীয় দলের ফলাফল ও সামগ্রিক পরিস্থিতির বিস্তারিত মূল্যায়ন করা হয়েছে। সেই মূল্যায়নের ভিত্তিতে সেনেগাল ফুটবলের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সুত্র: ইএসপিএন
পাপ্পু/রিফাত/