বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছে নরওয়ে। ২-১ গোলের এই হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্লিং হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড। তার দাবি, নরওয়ে মাঠে ‘ডাকাতির’ শিকার হয়েছে।
মায়ামির এই ম্যাচে মূল বিতর্ক ছড়ায় টরব্যর্ন হেগেমের একটি গোল বাতিল হওয়া নিয়ে। কর্নার থেকে হেগেম গোলটি করেছিলেন। কিন্তু রেফারি দাবি করেন, আর্লিং হালান্ড প্রতিপক্ষের এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়েছেন। ফলে গোলটি বাতিল হয় এবং নরওয়ে এগিয়ে যাওয়ার সুযোগ হারায়।
ইংল্যান্ডের প্রথম গোলটি নিয়েও প্রশ্ন তুলেছে নরওয়ে। তাদের দাবি, বল স্টেডিয়ামের ওভারহেড ক্যামেরার তারে লেগেছিল। নরওয়ে কোচ স্টালে
সোলবাকেন বলেন, বল তারে লেগে নিচে নেমে আসে। তবে ফিফার বল সেন্সর প্রযুক্তিতে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সাংবাদিক হেনরি উইন্টারের এক্স পোস্টের জবাবে আলফ-ইঙ্গে লেখেন, ‘রেফারির কারণে বেঁচে গেলেন। আশা করি তোমরাই এবার বিশ্বকাপ জিতবে। তবে আজ আমাদের মনে হচ্ছে আমরা স্রেফ ডাকাতির শিকার হয়েছি।’ জুড বেলিংহামের ম্যাচজয়ী গোলের পর তিনি ব্যঙ্গ করে লেখেন, ‘সাবাস বেলিংহাম এবং রেফারি!’
বাবার মতো রেফারিদের দোষ দেননি ছেলে আর্লিং হালান্ড। ম্যাচ শেষে নরওয়ে অধিনায়ক বলেন, ‘সাধারণত সেরা দলগুলোই এমন সিদ্ধান্ত নিজেদের পক্ষে পায়। ইংল্যান্ড অন্যতম সেরা দল। আমি যখন ম্যানচেস্টার সিটিতে খেলি, তখনও অনেক সিদ্ধান্ত আমাদের পক্ষেই আসে।’
পাপ্পু/রিফাত/