বাস্তুহারা মানুষের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে বিকল্প জায়গা বা জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ দায়িত্ব নিতে আগ্রহী এবং তা বাস্তবায়নেও উদ্যোগ নেবেন। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলেও সার্বিক পরিস্থিতি এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত রাঙামাটি জেলার দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি । এসময় রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান দেওয়ান, সরকারি দপ্তরের প্রধান এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বিকেল সাড়ে চারটায় রাঙামাটি শহরের ওমদা মিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণের কাছে কিন্তু আমাদের ওয়াদা। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট কত দ্রুততম সময়ের মধ্যে আমরা মেরামত করতে পারি, সেই বিষয়গুলো বিবেচনায় আছে। সবকিছু নিয়েই আমরা কাজ করছি। এ অবস্হায় যারা ঘরবাড়ি ছেড়ে এসেছে (আশ্রয়কেন্দ্রে), কোনভাবেই যেন তাদের সহায় সম্পত্তি নিয়ে দুষ্কৃতকারীরা অরাজকতা করতে না পারে। আইনশৃঙ্খলা বাহিনী যেন সর্তবতভাবে তৎপর থাকে সেটিও আমরা নিশ্চিত করছি।
জিয়াউর রহমান জুয়েল/এসএন