ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে নগরের টাউন হল মোড় এলাকায় তারা সড়ক অবরোধ করলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
‘এইচএসসি শিক্ষার্থী’ ব্যানারে নগরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা টাউন হল এলাকায় জড়ো হয়ে ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
শিক্ষার্থীদের ব্যানারে লেখা ছিল, ‘বর্তমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণ করা যাবে না।’ এসময় ‘নিরাপদ পরিবেশ নেই তো পরীক্ষা নেই’, ‘নিরাপত্তাই সবার আগে-আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার, শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইসহ বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনে আনন্দ মোহন সরকারি কলেজ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, স্বাভাবিক আবহাওয়া ও সুস্থ পরিবেশে পরীক্ষা নিতে হবে। প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না। যৌক্তিক কারণে কেউ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত থাকলে দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়াও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে প্রকাশ্যে জবাবদিহি করতে হবে এবং এইচএসসি-২৬ পরীক্ষার্থীরা তা যুক্তিসংগত মনে না করলে তাকে পদত্যাগ করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন, চট্টগ্রাম বোর্ডে বন্যা এবং দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে শিক্ষামন্ত্রী বলছেন, আমরা নাকি ফার্মের মুরগি। আমরা দেখেছি, শিক্ষার্থীরা বুকসমান পানি পেরিয়ে পরীক্ষা দিতে গেছে। মাদরাসা বোর্ডে ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। কেন আমাদের এই কষ্ট সহ্য করতে হবে? মন্ত্রী এসি রুমে বসে আছেন, আর শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। দেশের এমন খারাপ আবহাওয়া কি তার চোখে পড়ে না?
শিক্ষার্থী মনির হোসেন বলেন, শিক্ষামন্ত্রীর কাছে আমাদের যোক্তিক দাবী ছিলো যে পরীক্ষা স্থগিত রাখে অথবা তারিখ পিছিয়ে নেয়। তিনি আমাদের দাবি তো মেনে না নিয়ে উল্টা শিক্ষার্থীদের অপবাদ দিলেন যে আমরা নাকি ফার্মের মুরগী। তিনি আমাদের কষ্ট কি বুঝবেন তার মেয়ে তো আমাদের ট্যাক্সের টাকায় বিদেশে পড়াশোনা করে। তার মেয়েকে ভাল রেখে আমাদের বন্যার পানিতে কষ্ট করে পরীক্ষা দিতে হবে কেন। ২৪ এর আন্দোলন কি আমরা এজন্য করেছি। এখন আমাদের দাবী একটাই এই শিক্ষা মন্ত্রী যেন পদত্যাগ করে।
আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, দেশের আবহাওয়া ভালো না থাকায় আমরা চলমান পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেছিলেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবেন। কিন্তু তিনি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে শুধু পরীক্ষার ব্যবস্থাই পরিবর্তন করেছেন। পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ি, সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যান।
কামরুজ্জামান মিন্টু/এসএন