তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে কর্মসূচি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের অভিমুখে যাবার পথে পুলিশি বাঁধার মুখোমুখি হয় শিক্ষার্থীরা।
বাধা উপেক্ষা করে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান করে তারা এবং তিন দফা দাবিতে স্লোগান দেয়। এ সময় তারা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থী বলে পরিচয় দেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করে বলেন, 'দেশের সকল কলেজের শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো হলো দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে, যারা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ করতে হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করতে হবে।'
কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার এ সময় শিক্ষা বোর্ড ফটকের সামনে উপস্থিত হয়ে বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের কথা শুনেন। পরে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, 'আমরা পরীক্ষার্থীদের কথা শুনেছি। যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেগুলোর দায়িত্ব আমরা নিব। আর যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।'
জহির শান্ত/তামান্না রুপা/