বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর সেনেগাল দলকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে টিম ডাক্তার। সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফল দাবি করেছেন, জাতীয় দলের প্রধান চিকিৎসক মূলত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট। এর ফলে টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়দের মধ্যে আস্থার সংকট তৈরি করেছিল। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছে দেশটির স্পোর্টস মেডিসিন সংস্থা।
আবদুলায়ে ফল বলেন, ‘খেলোয়াড়দের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে বোঝা গেছে তারা চিকিৎসকের ওপর পুরোপুরি ভরসা পাচ্ছিলেন না। তাই তাদের মানসিক স্বস্তি নিশ্চিত করতে আমাদের অতিরিক্ত চিকিৎসা বিশেষজ্ঞের সহায়তা নিতে হয়েছে। সবকিছুর আগে খেলোয়াড়দের স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তবে এক বিবৃতিতে সেনেগালিজ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন ফেডারেশন সভাপতির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। সংস্থাটির দাবি, জাতীয় দলের চিকিৎসক ডা. আবদেরাহমানে ফেদিওরের শেখ আন্তা দিওপ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস বায়োলজিতে বিশেষায়িত ডিপ্লোমা অর্জন করেছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তিনি ফ্যান হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৭ সাল থেকে সেনেগাল জাতীয় দলের চিকিৎসক হিসেবে কাজ করছেন। এ সময়ে তিনি তিনটি বিশ্বকাপ ও পাঁচটি আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) আসরে দলের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।