চলমান বিশ্বকাপের সেমিফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই টিকিটের বাজারে দেখা দিয়েছে বড় ধরনের মূল্য ব্যবধান। ফ্রান্স-স্পেন সেমিফাইনালের তুলনায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম দ্বিগুণেরও বেশি।
টিকিট ট্র্যাকিং প্রতিষ্ঠান টিকিট ডাটা ডটকম এর তথ্য অনুযায়ী, ফ্রান্স ও স্পেনের সেমিফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার ৩২৫ মার্কিন ডলার। শেষ তিন দিনে এ ম্যাচের টিকিটের দাম প্রায় ২৬ শতাংশ কমেছে।
অন্যদিকে, আটলান্টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তি ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের টিকিটের দাম পৌঁছেছে ২ হাজার ৮৪১ মার্কিন ডলারে। শেষ তিন দিনে এই ম্যাচের টিকিটের মূল্য প্রায় ৩৪ শতাংশ বেড়েছে। শনিবার দাম সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলারে উঠলেও পরে কিছুটা কমে আসে।
বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনার বিশ্বব্যাপি প্রচুর সমর্থক থাকায় এবং আটলান্টায় শক্তিশালী আর্জেন্টাইন কমিউনিটির উপস্থিতি টিকিটের চাহিদা বাড়িয়ে দিয়েছে। ফলে এই ম্যাচের টিকিটের মূল্য অন্যান্য ম্যাচের তুলনায় অনেক বেশি।
এদিকে মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের বর্তমান মূল্য ১ হাজার ৫৪৩ ডলার, যা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের তুলনায় প্রায় অর্ধেক।
নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম বর্তমানে ৬ হাজার ৭৬০ মার্কিন ডলারে স্থির রয়েছে। যদিও গত ৭২ ঘণ্টায় এর মূল্য প্রায় ৬ শতাংশ কমেছে।
পাপ্পু/অন্তরা/