চলন্ত ট্রেনের ফার্স্ট ক্লাস এসি কামরা। কিন্তু ভেতরে পা রাখলেই বোঝার উপায় নেই যে এটি কোনো ভারতীয় রেলের কুপ, নাকি কোনো বিলাসবহুল হোটেলের 'হানিমুন স্যুইট'! চারদিকে ঝুলছে লাল-গোলাপি রঙের বেলুন, সুদৃশ্য আলোর রোশনাই, আর বার্থের ওপর ছড়ানো তাজা ফুলের পাপড়ি। দেওয়ালে জ্বলজ্বল করছে ‘আই লাভ ইউ’ লেখা। এমনই এক নজিরবিহীন রোমান্টিক উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ইন্টারনেট জগতে শোরগোল পড়ে গেছে।
কী ঘটেছিল?
গত ৬ জুলাই (সোমবার) ভারতের মহারাষ্ট্রের জালনা স্টেশনের কাছাকাছি চলন্ত নান্দেডগ্রাম এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটে। ট্রেনে ভ্রমণকারী এক নবদম্পতি তাদের ফার্স্ট এসি কুপের ভেতরের পুরো অংশটিকে ফুল, আলো এবং বেলুন দিয়ে সাজিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটি উদযাপনের জায়গাতে রূপান্তর করেন। ট্রেনের ভেতরে এই রাজকীয় সাজসজ্জার ভিডিওটি ক্যামেরাবন্দী করে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি লাখ লাখ মানুষের নজরে আসার পর নড়েচড়ে বসে ভারতীয় রেল কর্তৃপক্ষ। চলন্ত ট্রেনের ভেতরে নিরাপত্তা বিধি লঙ্ঘন করে কীভাবে এই ধরনের সাজসজ্জা এবং লাইটিং করা সম্ভব হলো, তা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে।
প্রাথমিক তদন্তের পর রেলওয়ে প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ট্রেনের ভেতরে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড় গাফিলতি। কামরার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ট্রাভেলিং টিকিট পরীক্ষক নিজের কর্তব্য সঠিকভাবে পালন করেননি এবং এই ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। ফলস্বরূপ, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই টিটিইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ এই রোমান্টিক আইডিয়া দেখে দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে অন্য বড় একটি অংশ ট্রেনের ভেতর এমন কাণ্ডে নিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে চলন্ত ট্রেনে অতিরিক্ত বৈদ্যুতিক আলো বা ডেকোরেশন ব্যবহারের ফলে বড়সড় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটতে পারত বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। রেল কর্তৃপক্ষ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।
আজহার/