চলমান বিশ্বকাপের ফিফা রেফারিদের তালিকা থেকে দুই মাস আগে বাদ পড়া ডাচ রেফারি রব ডিপেরিঙ্কর (৩৮) মৃত্যু হয়েছে। নেদারল্যান্ডসের ফুটবল ফেডারেশন (কেএনভিবি) এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তাকে প্রাথমিকভাবে বেছে নিয়েছিল ফিফা। তবে গত মে মাসে ফিফা জানায়, চূড়ান্ত তালিকা থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
কেএনভিবি এর ওয়েবসাইটে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, ‘আমরা অত্যন্ত স্তম্ভিত এবং গভীর দুঃখের সঙ্গে রব ডিপেরিঙ্কের প্রয়াণের সংবাদ জানাচ্ছি। রবের চলে যাওয়ায় ফুটবল বিশ্ব আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন অত্যন্ত মূল্যবান রেফারিকে হারাল। তবে সবকিছুর ঊর্ধ্বে, আমরা হারালাম একজন চমৎকার সহকর্মীকে। তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা তাদের ধৈর্য ও শক্তি কামনা করছি।’
বিশ্বকাপের অফিশিয়াল তালিকা থেকে ফিফা কর্তৃক বাদ পড়ার পর, ইএসপিএন নেদারল্যান্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিপেরিঙ্ক বলেছিলেন, ‘ফিফা যে আমাকে বিশ্বকাপের দায়িত্ব থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে আমি হতাশ।’
কেএনভিবি জানায়, ডিপেরিঙ্ক ২০১১-১২ মৌসুম থেকে পেশাদার রেফারি হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৭ সালে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লিগ 'এরেডিভিজি'তে প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্ব পান।
তিনি ২০২৪ সালের ইউরো কাপে ভিএআর হিসেবে এবং আটালান্টা ও বায়ার লেভারকুসেনের মধ্যকার ২০২৪ সালের ইউরোপা লিগের ফাইনালে সহকারী ভিএআর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ খেলোয়াড়ি ও পেশাদার ক্যারিয়ারে তিনি সর্বমোট ২৮৪টি ম্যাচ পরিচালনা করেছেন।
পাপ্পু/নাঈম