ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রশ্নপত্রের কঠিনতা, পরীক্ষা ব্যবস্থাপনা, ফলাফল মূল্যায়ন এবং চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীরা একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
শিক্ষার্থীদের ঘোষিত দাবির মধ্যে রয়েছে, প্রশ্নপত্রের কঠিনতা ও পরীক্ষার হলে অতিরিক্ত কঠোর গার্ডের বিষয়ে ব্যবস্থা গ্রহণ, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগের ন্যায্য ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব খাতা মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান, পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে অযৌক্তিক ক্ষতি রোধ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।
শিক্ষার্থীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। এ সময় কিছুক্ষণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।
আগামীকাল (বুধবার) দুপুর ১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে পরীক্ষা বাতিল ও পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থী শর্মিষ্ঠা কর্মকার বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটির কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা আয়োজন বাস্তবসম্মত নয়।
তাজুল ইসলাম তুহিন নামে এক শিক্ষার্থী বলেন, বর্তমান কারিকুলামে অনুষ্ঠিতব্য পরীক্ষা শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও মনন যথাযথভাবে মূল্যায়ন করতে সক্ষম নয়। সারাদেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে সকল পরীক্ষা স্থগিতের দাবি জানাই। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন।
এনকেবি নয়ন/খাদিজা রুমি/