ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর সবচেয়ে প্রিয় বাগানটাই দান কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বোয়ালমারীতে শিশু বলাৎকারের মামলায় কিশোর গ্রেপ্তার র‍্যাগিং ও ব্যাচকল ঠেকাতে এবার কঠোর জাককানইবি প্রশাসন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার রামপুরায় নড়াই নদীর নামফলক উধাও, থানায় জিডি সেমিফাইনালের আগে ফের আলোচনায় স্কালোনি-বেকহামের পুরোনো দ্বন্দ্ব এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ইংল্যান্ড দলে কোনো বিভক্তি নেই: কেইন ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রোডাক্ট ম্যানেজার ও প্রজেক্ট ম্যানেজারের কাজের মধ্যে পার্থক্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিট ফ্রান্স-স্পেন ম্যাচের দ্বিগুণেরও বেশি ফরিদপুরে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ ডকুমেন্টারি ফিল্ম ‘কাগজের মানুষ’ সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে: ডা. জাহেদ মৌলভীবাজারে বন্যায় আটকা ১১ দৃষ্টিপ্রতিবন্ধী, মেলেনি সহায়তা পানি কমলেও কমেনি কষ্ট, চকরিয়া-মাতামুহুরীতে তীব্র খাদ্য ও পানির সংকট রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ জিতলে সোনার চেইন দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষে খুলনা: টিআইবি মেসিকে নয়, নিজেদের শান্ত রাখাই লক্ষ্য ইংল্যান্ডের: জর্ডান পিকফোর্ড আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি পানি কমতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সুন্দরবনের ডাকাত ছোট জাহাঙ্গীরসহ ২৭ জনের আত্মসমর্পণ বেরোবিতে র‍্যাগিং ঠেকাতে নেই কার্যকর পদক্ষেপ ‘ফেভারিট শেফ’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি মাদিহা বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১১০৪

কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা
তিস্তা-দুধকুমারে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা/ খবরের কাগজ

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে ভাঙন তীব্র আকার দেখা দিয়েছে। নদ-নদীর পানি বেড়ে তিস্তা-দুধকুমারে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় কু‌ড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, উজানের ঢলে জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে ধরলা নদীর পানি তালুকশিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ১ দশমিক ০৯ সেন্টিমিটার এবং তিস্তা নদী কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উজানের ঢলে ধরলা, তিস্তা, দুধকুমার ব্রহ্মপুত্র নদের পানি সমতলে বাড়ছে। উক্ত নদ-নদীর পানি সমতলে বেড়ে তিস্তা নদীর অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

চিলমারী উপজেলার শাখাহাটির চর এলাকার বাসিন্দা আবদুর রহমান (৫৫) বলেন, ‘ব্রহ্মপুত্রের ভাঙনে জীবনে ১৫ বার বসতভিটা হারিয়েছি। এবার শেষ আশ্রয়টুকুও নদীতে চলে গেলে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘উজানের ঢলে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন মোকাবেলায় অতিঝুঁকিপূর্ণ ছয় কিলোমিটার এলাকার মধ্যে চার কিলোমিটারে কাজ চলছে। বাকি দুই কিলোমিটারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।’ 

সিরাজ/তামান্না রুপা/

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে কর্মসূচি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের অভিমুখে যাবার পথে পুলিশি বাঁধার মুখোমুখি হয় শিক্ষার্থীরা।

বাধা উপেক্ষা করে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান করে তারা এবং তিন দফা দাবিতে স্লোগান দেয়। এ সময় তারা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থী বলে পরিচয় দেন।  

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করে বলেন, 'দেশের সকল কলেজের শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো হলো দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে, যারা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ করতে হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করতে হবে।'

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার এ সময় শিক্ষা বোর্ড ফটকের সামনে উপস্থিত হয়ে বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের কথা শুনেন। পরে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, 'আমরা পরীক্ষার্থীদের কথা শুনেছি। যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেগুলোর দায়িত্ব আমরা নিব। আর যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।'

জহির শান্ত/তামান্না রুপা/

বোয়ালমারীতে শিশু বলাৎকারের মামলায় কিশোর গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
বোয়ালমারীতে শিশু বলাৎকারের মামলায় কিশোর গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে এক শিশুকে (৬) বলাৎকারের অভিযোগে করা মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৩ জুলাই) রাতে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

উপজেলার শুকদেবনগর গ্রামের বাসিন্দা মো. মামুনুজ্জামান খান বাদী হয়ে মামলাটি করেন। 

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সকালে অভিযুক্ত কিশোর খেলাধুলা ও বৃষ্টির পানিতে গোসলের কথা বলে অভিযোগকারীর  ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে শিশুটিকে বলাৎকার করা হয়। এতে শিশুটি আহত হলে বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে তার চিকিৎসা চলছে।

শিশুটির বাবা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি থানায় মামলা করেছেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মামলাটি রেকর্ড করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেন তিনি। 

তিনি আরও বলেন, ভুক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

এনকেবি নয়ন/খাদিজা রুমি/

ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
অভিযুক্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রামপ্রসাদ পাল। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রামপ্রসাদ পালের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক নিখিল চন্দ্র বিশ্মশর্মার কাছ থেকে লাইসেন্স করে দেওয়ার কথা বলে ২৩ হাজার টাকা নেন। 

ভুক্তভোগী নিখিল চন্দ্র জানান, আমার ডায়াগনস্টিক সেন্টারের ফায়ার লাইসেন্স দেওয়ার কথা বলে ২৫ হাজার টাকা দাবি করলে আমি ২৩ হাজার টাকা দিতে বাধ্য হই। 

সরকারি বিধি অনুযায়ী নগদ অর্থ নেওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু ওই কর্মকর্তা লাইসেন্স দেওয়ার কথা বলে ২৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের  সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী পিএফএম এর সাথে কথা হলে তিনি জানান, নগদ অর্থ নেওয়ার কোনো বিধান নেই। এটি একটি গুরুতর অপরাধ। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের সত্যতা স্বীকার করে অভিযুক্ত স্টেশন অফিসার রামপ্রসাদ পাল বলেন, টাকা নেওয়াটা আমার ভুল হয়েছে।

ফয়সল আহমেদ/আজহার/ 

ফরিদপুরে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২২ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
ফরিদপুরে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে  শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রশ্নপত্রের কঠিনতা, পরীক্ষা ব্যবস্থাপনা, ফলাফল মূল্যায়ন এবং চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।

শিক্ষার্থীদের ঘোষিত দাবির মধ্যে রয়েছে, প্রশ্নপত্রের কঠিনতা ও পরীক্ষার হলে অতিরিক্ত কঠোর গার্ডের বিষয়ে ব্যবস্থা গ্রহণ, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগের ন্যায্য ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব খাতা মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান, পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে অযৌক্তিক ক্ষতি রোধ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।

শিক্ষার্থীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। এ সময় কিছুক্ষণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

আগামীকাল (বুধবার) দুপুর ১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে পরীক্ষা বাতিল ও পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থী শর্মিষ্ঠা কর্মকার বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটির কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা আয়োজন বাস্তবসম্মত নয়।

তাজুল ইসলাম তুহিন নামে এক শিক্ষার্থী বলেন, বর্তমান কারিকুলামে অনুষ্ঠিতব্য পরীক্ষা শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও মনন যথাযথভাবে মূল্যায়ন করতে সক্ষম নয়। সারাদেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে সকল পরীক্ষা স্থগিতের দাবি জানাই। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন।

এনকেবি নয়ন/খাদিজা রুমি/ 

মৌলভীবাজারে বন্যায় আটকা ১১ দৃষ্টিপ্রতিবন্ধী, মেলেনি সহায়তা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম
মৌলভীবাজারে বন্যায় আটকা ১১ দৃষ্টিপ্রতিবন্ধী, মেলেনি সহায়তা
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে চারদিক প্লাবিত হওয়ায় চরম বিপাকে পড়েছেন ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী নারী-পুরুষ। যাতায়াতের পথ বন্ধ, কোনো ত্রাণ বা সাহায্য না পৌঁছায় অসহায় অবস্থায় দিন কাটছে তাদের।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের হাওরপারের দক্ষিণ ইসলামপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী ১১ জন হলেন- ফখরুল মিয়া, কামাল মুন্সি, সোহান মিয়া, সুফি বেগম, শারমিন বেগম, জগলু মিয়া, ফাইজা বেগম, সাজক মিয়া, আনিকা, লাউল মিয়া ও আকবর আলী।

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে বাড়িটির চারপাশ পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। চলাচলের সব পথ বন্ধ হয়ে পড়ায় আশেপাশের কেউ তাদের কাছে পৌঁছাতে পারছেন না, আবার তারাও বের হতে পারছেন না সাহায্যের খোঁজে। 

স্থানীয়রা জানান, এই মানুষগুলো ঘরের ভেতরে আশ্রয় নিয়েই দিন পার করছেন। কিন্তু খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট দিন দিন তীব্র হচ্ছে। নিরাপদ স্থানে সরে যাওয়ার কোনো উপায় না থাকায় প্রতিটি মুহূর্ত কাটছে অনিশ্চয়তা আর উৎকণ্ঠার মধ্যে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে সরেজমিনে কথা হয় দৃষ্টিপ্রতিবন্ধী সুফি বেগমের সঙ্গে।

তিনি বলেন, ’আমি দৃষ্টি প্রতিবন্ধী। বাড়ির চারদিকে পানি। আগে মানুষের বাড়িতে কাজ করতাম, কিছু সাহায্যও পেতাম। এখন আর পারি না। এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়।’

 প্রবীণ নারী কবিতুন বেগম বলেন, কেউ যদি সাহায্যের হাত বাড়ায়, তাহলে তারা একটু বাঁচতে পারে।

দৃষ্টিপ্রতিবন্ধী কামাল মুন্সি জানান, ‘জন্মের পর থেকেই তারা দৃষ্টিশক্তিহীন। ডাক্তার বলেছেন আমাদের দৃষ্টি আর ফিরে আসবে না। এরপর থেকে চিকিৎসাও বন্ধ হয়ে গেছে।’

সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আজাদুর রহমান জানান, ১১ জনের মধ্যে আটজন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। বাকি তিনজন আবেদন না করায় এখনও তালিকাভুক্ত হননি।

তিনি বলেন, তারা আবেদন করলে দ্রুত ভাতার ব্যবস্থা করা হবে। আমরা সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করছি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, ’বিষয়টি জানা পর আমরা খবর নিয়েছি। আমরা আমাদের পক্ষ থেকে বরাদ্দ পাঠিয়েছি। তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা নিশ্চিত করতে কাজ করছি।’

পুলক পুরকায়স্থ/খাদিজা রুমি/