মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার কোনো বাস ছেড়ে যায়নি। এতে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
জানা গেছে, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শ্রমিকরা সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান। তবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ সভা করা সম্ভব নয় জানিয়ে প্রশাসন ও পুলিশের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। শ্রমিকদের একাংশ ধর্মঘটের ডাক দিলে, রাত ৮টা থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, 'শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী শ্রমিকরা সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছে।'
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, 'আসলে রাজশাহীতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের কোনো কমিটি নেই। বর্তমানে সাধারণ শ্রমিকেরা এর নেতৃত্ব দিচ্ছে। প্রায় মাস দেড়েক আগে ডিসির হস্তক্ষেপে সাধারণ শ্রমিকরা গাড়ি চলাচল সচল করেছিল।'
আসাদুল্লাহ/তামান্না রুপা/